প্রাণ হারিয়েছে যমজ দুই ভাই মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল । ছবি : সংগৃহীতএকসঙ্গে পৃথিবীতে এসেছিল তারা। পরিবারে ডাকনাম ছিল ‘বড় মিয়া’ ও ‘ছোট মিয়া’। মাত্র এক বছরের কাছাকাছি বয়সে হাম ও হাম-পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছে যমজ দুই ভাই মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল। সাত দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাদের মা-বাবা। চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয়েছে দুই ভাইকে।
গত বছরের ৮ নভেম্বর জন্ম হয়েছিল সাফিন ও সাদিলের। জন্মের সময় সাফিনের ওজন কিছুটা কম থাকায় মা-বাবা তাকে ‘ছোট মিয়া’ এবং সাদিলকে ‘বড় মিয়া’ বলে ডাকতেন। এবার ৮ নভেম্বর ছিল সাফিনের প্রথম জন্মদিন। কিন্তু তার আগেই ১ নভেম্বর মারা যায় সে। অন্যদিকে, জন্মদিনের সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিল সাদিল। ১৬ নভেম্বর সেও মারা যায়।
শনিবার (২১ নভেম্বর) সন্তানের মৃত্যুর কথা বলতে গিয়ে বাবা মুহাম্মদ বিন সোয়াদ বলেন, ‘এক ছেলে প্রথম জন্মদিনের আগেই মারা গেল। আরেকজন জন্মদিনে হাসপাতালেই ছিল। আমরা তখন শুধু “আল্লাহ, আল্লাহ” করছি।’
মুহাম্মদ বিন সোয়াদ চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত। পরিবার নিয়ে থাকেন বাঁশখালীতেই। তিনি জানান, দুই ছেলের জ্বর শুরু হলে গত ২৮ অক্টোবর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে সাফিনের মৃত্যু হয়। পরে সাদিলকে নেওয়া হয় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে। সেখানেই ১৬ নভেম্বর মারা যায় সে।
এদিকে, সন্তানদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করেননি বলে দাবি বাবার। জ্বর শুরু হওয়ার পর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া থেকে শুরু করে চিকিৎসকের পরামর্শে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে নিয়ে হাসপাতালে ভর্তি করা- সবই করেছেন। দুই ছেলের চিকিৎসায় প্রায় ১৪ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।
তার ভাষ্য, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) ও লাইফ সাপোর্টে দীর্ঘ চিকিৎসার পরও সন্তানদের বাঁচানো যায়নি। চিকিৎসার শেষ পর্যায়ে দুই শিশুকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও আক্ষেপ করেন তিনি।
অন্যদিকে, দুই সন্তানের মৃত্যুতে শোকের পাশাপাশি দেশের হাম পরিস্থিতি ও হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুহাম্মদ বিন সোয়াদ। তার অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে হামের রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই। একই সঙ্গে হাম আক্রান্ত ও অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি ভর্তি করায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগীর অতিরিক্ত চাপের কথা শুনে সেখানে সন্তানদের ভর্তি করানোর সাহস পাননি। তার আশঙ্কা, শুধু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুও অন্য রোগীদের সংস্পর্শে এসে হাম আক্রান্ত হতে পারে।
দুই ছেলের চিকিৎসায় আর্থিক সহায়তা পেয়েছেন জানিয়ে তিনি বলেন, সিঙ্গার কোম্পানি কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফলে বেসরকারি হাসপাতালে সন্তানদের চিকিৎসা করাতে পেরেছেন। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় অনেক পরিবারের পক্ষে এ ধরনের চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ছেলেদের চিকিৎসায় আমাকে টাকার জন্য চিন্তা করতে হয় নাই। বেসরকারি হাসপাতালে ছেলেদের চিকিৎসা করাইতে পারছি। কিন্তু অনেক বাবা-মায়ের পক্ষে তা সম্ভব হইতেছে না। সরকারি হাসপাতালে তো ট্রিটমেন্টই (চিকিৎসা) পাইতেছে না।
এ ছাড়া, দুই সন্তানকে নির্ধারিত বয়সে হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মুহাম্মদ বিন সোয়াদ। তার কাছে থাকা টিকাকার্ডের তথ্য অনুযায়ী, ৯ মাস বয়সে তাদের প্রথম ডোজ দেওয়া হয়। পরবর্তী ডোজ দেওয়ার কথা ছিল ১৫ মাস বয়সে। কিন্তু এর আগেই হামে আক্রান্ত হয়ে দুই সন্তানের মৃত্যু হয়েছে।
টিকা নেওয়ার পরও দুই ছেলের এমন পরিণতি তাকে ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২।
সময়ের আলো/এসকে