বাঁশখালীতে আ. লীগ নেতাকর্মীদের তৎপরতা ঘিরে উদ্বেগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে।

2026-11-23T14:37:04+00:00
2026-11-23T14:37:04+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাঁশখালীতে আ. লীগ নেতাকর্মীদের তৎপরতা ঘিরে উদ্বেগ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগ, হামলা, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মশাল মিছিল ও প্রচার-প্রচারণার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

চলতি সপ্তাহে উপজেলার কালীপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি নেতা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। চাম্বলে এনসিপির উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আলীর ওপর হামলা এবং বৈলছড়িতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ছাড়া কাথরিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে ‘শেখ হাসিনা ফিরে আসছে’ বলে প্রচারণা, কালীপুরে সড়কের পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা এবং শীলকূপে একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে।

সবশেষে থানার আধা কিলোমিটারের মধ্যে দারোগাবাজার এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগের মিছিলের ঘটনা আলোচনায় আসে। ওই মিছিলের পর বাবু নামে এক ছাত্রলীগ নেতাকে তার নানার বাড়ি থেকে আটক করে পুলিশ। তবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষস্থানীয় অনেক নেতা এখনো গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের চলাচল ও স্বাভাবিক তৎপরতা দেখা গেলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বড় নেতাদের বাদ দিয়ে তুলনামূলক ছোট নেতাকর্মীদের গ্রেফতারেই পুলিশের আগ্রহ বেশি বলেও অভিযোগ রয়েছে।

সর্বশেষ রোববার রাতে গোপালগঞ্জের আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতাকে ছবি দেখে গ্রেফতারের পর রাতেই ছেড়ে দেওয়ার ঘটনায় পুলিশের সমালোচনা আরও জোরালো হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র ও সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের কেউ গ্রেফতার হননি। অন্যদিকে পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেককেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সম্প্রতি এলাকায় ফিরতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের তৎপরতা বেড়েছে। তারা পুনরায় সংগঠিত হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এর ধারাবাহিকতায় এনসিপি নেতার ওপর হামলা, বিএনপি নেতার বাড়ি ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের মাধ্যমে নিজেদের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করছেন কেউ কেউ।

স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বরকে সামনে রেখে চলতি মাসে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মশাল মিছিল ও মাইকিং করা হয়েছে। সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিএনপি নেতার বাড়িতে আগুন, বিদ্যালয়ের নাম পরিবর্তনের সাইনবোর্ড লাগানো এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে প্রচারণার ঘটনাও ঘটেছে। বিশেষ করে বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার, কালীপুর ও শীলকূপসহ উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ঝটিকা মিছিল ও মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলধারার রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগ নাশকতা ও ভীতিকর পরিস্থিতি তৈরির মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।


এদিকে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে বাঁশখালীর সক্রিয় রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনগুলো কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাল্টা মিছিল ও সমাবেশ করেছেন।

গত তিন-চার দিন ধরে বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে পৃথক বিক্ষোভ, মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাশকতার ঘটনায় বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে বাঁশখালী পৌরসভা জামায়াতও।

এসব কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীটি পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র করছে।

বাঁশখালীর সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্থিতিশীলতা ও ভোটাধিকার রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। রাতের আঁধারে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। এ জন্য এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কাউকে পার পেতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  বাঁশখালী  আওয়ামী লীগ  নেতাকর্মী  তৎপরতা  উদ্বেগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: