প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:২২ পিএম
রুহুল আমিন ভুঁইয়া। ছবি : সময়ের আলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভুঁইয়াকে ঢাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (২২ নভেম্বর) ঢাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রুহুল আমিন ভুঁইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তিনি।
তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ঢাকায় রুহুল আমিন ভুঁইয়া গ্রেফতার হয়েছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তার হাতে আসেনি।
সময়ের আলো/জোই