আগুনে পুড়ে ছাই আব্বাসের দোকান। ছবি : সময়ের আলোসব দুঃখ যেন সত্যিই গরিবের কপালেই লেখা! জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে কোনোরকমে বেঁচে থাকা মানুষগুলোর সামান্য সম্বলটুকুও কখনো কখনো কেড়ে নেয় নির্মম বাস্তবতা। তারই এক হৃদয়বিদারক উদাহরণ ভোলার চরফ্যাশন বাজারের প্রতিবন্ধী আব্বাস। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার একমাত্র উপার্জনের অবলম্বন ছোট্ট টং দোকানটি। এখন চোখে অন্ধকার দেখছেন অসহায় আব্বাস। কীভাবে চলবে তার সংসার, কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, এই চিন্তায় দিশেহারা তিনি।
রোববার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চরফ্যাশন বাজারের জনতা রোডের পূর্ব মাথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আব্বাসের একমাত্র আয়ের অবলম্বন ছোট্ট দোকানটি।
আগুনে দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আব্বাস। নিজের শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যেতে দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। বুকফাটা কান্নায় বারবার বলতে থাকেন, ‘হায়! আমার কী হবে? এখন আমি কী করব?’ তার এমন অসহায় কান্না দেখে উপস্থিত অনেকের চোখও অশ্রুসজল হয়ে ওঠে। মুহূর্তেই ভারী হয়ে ওঠে ঘটনাস্থলের পরিবেশ।
কবির জন্মগতভাবে এক হাত ও এক পা প্রতিবন্ধী। স্বাভাবিকভাবে চলাফেরা করতেও তাকে অনেক কষ্ট করতে হয়। তার অসহায়ত্বের কথা বিবেচনা করে স্থানীয় কয়েকজন মানবিক মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের উদ্যোগে তৈরি করে দেওয়া হয়েছিল ছোট্ট একটি টং দোকান। পাশাপাশি কিছু আর্থিক সহায়তা দিয়ে দোকানের জন্য সামান্য মালামাল কিনে দেওয়া হয়েছিল। সেই দোকান থেকেই কোনোরকমে চলত তার সংসার। কিন্তু আগুনের এক রাতেই শেষ হয়ে গেল তার সেই সামান্য অবলম্বন।
কান্নাজড়িত কণ্ঠে আব্বাস বলেন, আমার কোনো টাকা-পয়সা নেই। বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে দোকানটি শুরু করেছিলাম। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। কীভাবে, কেন আগুন লাগল কিছুই বুঝতে পারছি না। এখন আমি কী করব? আল্লাহ আমার সবকিছু নিয়ে গেল।
নিজের শৈশবের কষ্টের কথা তুলে ধরে আব্বাস আরও বলেন, ছোট থাকতেই বাবা মারা গেছেন। তখন বাবার কিছুই বুঝতাম না। বাবার কোনো সম্পদও ছিল না। বাবা মারা যাওয়ার পর মা আমাদের নিয়ে নানাবাড়ি চলে আসেন। দাদাবাড়িতে থাকার মতো কোনো জায়গা ছিল না। নানাবাড়িতে দুই শতাংশ জমি পেয়েছি। বসতভিটা ছাড়া আর কোনো জমিজমা নেই। এই ছোট দোকানটিই ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দোকানটি আবার কীভাবে শুরু করব, জানি না। কোনো মাধ্যমে যদি সহযোগিতা পাই, তাহলে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারব।
আব্বাসের এমন দুর্দশায় ব্যথিত হয়েছেন পাশের দোকানদার সাইফুল। তিনি বলেন, আমার দোকানের সামনেই আব্বাসের দোকান। সে একেবারেই অসহায় ও দরিদ্র মানুষ। জন্মগতভাবে তার একটি হাত ও একটি পা প্রতিবন্ধী। অনেক কষ্ট করে ছোট দোকানটি চালিয়ে সংসার চালাত। রাতে দোকানে আগুন লাগার খবর পেয়ে খুব চিন্তায় পড়ে যাই। একজন ফোন করে জানান, বাজারের জনতা রোডের পূর্ব মাথায় দোকানে আগুন লেগেছে। আমার দোকানও সেখানে, তাই দ্রুত বাড়ি থেকে ছুটে এসে দেখি আব্বাসের দোকান দাউ দাউ করে জ্বলছে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
স্থানীয় আরেক দোকানদার জিহাদ বলেন, আমার দোকান ও বাসা একই জায়গায়। নিচতলায় দোকান, আর ওপরতলায় আমার বাসা। আগুন আগুন চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি সামনের দোকানে আগুন জ্বলছে। দ্রুত নিচে নেমে দেখি আব্বাসের দোকান পুড়ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা দ্রুত না এলে আগুন আশপাশের দোকান ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ বলেন, একটি অপরিচিত নম্বর থেকে আমরা খবর পাই, চরফ্যাশন বাজারের জনতা রোডের পূর্ব মাথায় একটি দোকানে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় তা আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুনে শুধু একটি টং দোকান পুড়ে গেছে।
একটি ছোট্ট দোকান,কারও কাছে হয়তো সামান্য কিছু টাকার মালামাল, কিন্তু আব্বাসের কাছে সেটিই ছিল বেঁচে থাকার স্বপ্ন, পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার একমাত্র ভরসা। সেই স্বপ্ন আজ আগুনে পুড়ে ছাই।
আব্বাসের অসহায়ত্বের কথা বিবেচনা করে স্থানীয় বিত্তবান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সবাই এগিয়ে এলে হয়তো আবারও নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন প্রতিবন্ধী আব্বাস। ফিরে পাবেন বেঁচে থাকার নতুন স্বপ্ন।
মানুষের একটু সহায়তা হয়তো আব্বাসের কাছে শুধু অর্থ নয়, নতুন করে বেঁচে থাকার আশার আলো হয়ে উঠবে।
সময়ের আলো/জোই