প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ৯:৪০ এএম
সংগৃহীত ছবি গাজীপুরের কালিয়াকৈরে বিদেশ থেকে পাঠানো ৬১ লাখ টাকার হিসাব চাওয়ায় আপন বড়ভাইয়ের দায়ের কোপে এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত প্রবাসী মো. কবীর হোসেন (৩০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি এজাহার দায়ের করেছেন। রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আমতৈল এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত কবীর হোসেন কালিয়াকৈর থানার আমতৈল এলাকার বাসিন্দা এবং মো. সফি উদ্দিনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, কবীর হোসেন ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে প্রায় পাঁচ মাস আগে দেশে ফেরেন। প্রবাসে থাকাকালীন গত ৯ বছরে তিনি তার বড় ভাই রহিম মিয়ার (৩৫) কাছে বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৬১ লাখ টাকা পাঠান। দেশে ফেরার পর ব্যবসা করার উদ্দেশ্যে ভাইয়ের কাছে সেই টাকার হিসাব চাইলে রহিম মিয়া তালবাহানা শুরু করেন। এর আগে গত ৩১ অক্টোবর সকালে টাকার বিষয় নিয়ে কথা বলতে গেলে বড় ভাই রহিম মিয়া, বাবা সফি উদ্দিন (৬০), মা রোকেয়া (৫৭) এবং ভাবি ফিরোজা বেগম (৩০) কবীর হোসেনকে এলোপাতাড়ি মারধর করেন এবং তাকে ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে ১৯ নভেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তিনি স্ত্রীসহ নিজ বাড়িতে ফিরে আসেন। তারি ধারাবাহিকতায় রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে অভিযুক্তরা কবীর হোসেনের বাড়ির পানি সরবরাহ বন্ধ করে দেন। এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাবি ফিরোজা বেগম বড় ভাই রহিম মিয়ার হাতে দা তুলে দিলে তিনি কবীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথার দিকে কোপ মারেন। বাম হাত দিয়ে কোপ ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধা ও শাহাদত আঙুলের গোড়ায় লেগে দুটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় কবীর হোসেনের চিৎকারে তার স্ত্রী অনিতা (১৯) এগিয়ে এলে রহিম মিয়া দা নিয়ে তাকেও ধাওয়া করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে কবীর হোসেনের শ্বশুর এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ও আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
হাসপাতালে যাওয়ার আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কবীর হোসেন। অভিযুক্ত রহিম মিয়া জানান, বিদেশ থেকে ১৭ লাখ টাকা আমাকে দিয়েছে। আমি ১৩ লাখ টাকা দিয়ে দিয়ছি। এবং ২০ লাখ টাকার ঘর ছেড়ে দিয়েছি। তারপরও আমাদের মারধর করে। আমি দা দিয়ে কোপ দেয়নি ওই বাঁশের লাঠি দিয়ে আমাকে মারধর করার পর বাঁশ ফেটে যায়। তখন ওর হাতের আঙ্গুল নিজেই কেটে এখন আমাদের নাম দিচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই