প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ এএম
ছবি : সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারকে কেন্দ্র করে থানায় হামলা, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছাড়েন।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেফতার করে আখাউড়া থানা-পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি এনসিপিতে যোগ দেন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, ছায়েব আলীকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এতে থানার অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।
এদিকে ছায়েব আলীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে উপজেলা এনসিপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এতে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রেফতারের পর রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এসএকে