প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সংগৃহীত ছবিপোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নির্দেশনা অমান্য করে কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই সরকার বাড়িভাড়া না বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের বেতন অবশ্যই বাড়বে। কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে। মালিক ও শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় বাড়ির মালিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগে কেউ যেন বাড়িভাড়া বাড়াতে না পারেন।
শ্রমিক অধ্যুষিত এলাকার বাড়ির মালিকেরা ভাড়া বাড়ালে সংশ্লিষ্ট শ্রমিকদের প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের মাধ্যমে অভিযুক্ত বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পোশাক শ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য এ নির্দেশনা কার্যকর হবে।
সম্প্রতি গোপালগঞ্জে থানা ও বিভিন্ন প্রশাসনিক স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকার গুমের রাজনীতি করে না। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের প্ররোচনায় কেউ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ