প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি মানুষ হত্যার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অন্য কোনো উপায়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরতে পারবেন না। শেখ হাসিনা দেশে ফিরলেও তার ঠিকানা হবে কারাগার।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিশ্বরোড এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আগুনসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে নেতা পালিয়ে যাওয়ার সময় দলের নেতাকর্মী, আত্মীয়স্বজনসহ সবাইকে নিয়ে দেশ ছেড়ে চলে যান, তিনি আর কখনো দেশে ফিরতে পারেন না।
তিনি আরও বলেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চ— কোনো মাসেই আওয়ামী লীগ আর এ দেশে রাজনীতিতে ফিরে আসতে পারবে না।
আগামী দিনেও ফ্যাসিবাদীদের যেকোনো ধরনের আন্দোলন ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নেন।
সময়ের আলো/ইউএমএইচ