প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ পিএম
চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্ন। ছবি : সংগৃহীত চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (এফওবি মূল্যমান)। সেই সঙ্গে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ (৫৯ মিলিয়ন) পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপে এ তথ্য জানা গেছে।
চার দিন ধরে চলা এই প্রাথমিক জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অস্থিরতার কারণে কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, সরাসরি ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। রফতানি আদেশ ধরে রাখতে উদ্যোক্তাদের ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং ক্ষেত্রবিশেষে সরাসরি অর্ডার বাতিলের মতো চাপ সামলাতে হচ্ছে।
সংগঠনটির মতে, জরিপের এই পরিসংখ্যান খাতটির প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। বিজিএমইএ’র ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও বেশি হলেও স্বল্প সময়ের জরুরি জরিপে ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। তা ছাড়া ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজিএমইএ'র মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সংকটের প্রভাব কেবল তাৎক্ষণিক আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদী ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনায় বড় আঘাত লেগেছে। অন্য দেশে ক্রয়াদেশ সরে যাওয়ার ঘটনাতেই তার প্রমাণ মিলছে।
দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এই সংকট দ্রুত কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছে বিজিএমইএ। শিল্পের চাকা সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে সংগঠনটি।
সময়ের আলো/কেএইচও