বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবিদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করতে বড় ধরনের নিয়োগ উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশের রাজস্ব খাতে বিভিন্ন পদমর্যাদার মোট ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃজনের প্রস্তাব বর্তমানে চূড়ান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদ সৃজনের কার্যক্রম এগিয়ে চলছে।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে পুলিশ তদন্তকেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ পুলিশের অন্যান্য ইউনিটের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন পদমর্যাদার আরও ৯ হাজার ৯৪৩টি পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।
বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআইয়ের নতুন পদ সৃজনের প্রস্তাব প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটিতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ইউনিটের জন্য আরও ৯ হাজার ৯৪৩টি পদ সৃজনের প্রস্তাব তৈরি করা হয়েছে।
সিনিয়র সচিব জানান, সব মিলিয়ে পুলিশের জন্য রাজস্ব খাতে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃজনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনুমোদন পাওয়া গেলে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় পুলিশের টহল এবং উদ্ধার অভিযান জোরদার করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানায় দ্রুত দুটি স্পিডবোট সরবরাহের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সাইবার ইউনিট পুনর্গঠনের কাজ চলছে। অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এ ইউনিটে দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য পৃথক ফরেনসিক ল্যাবরেটরি, জব্দ করা মাদক সংরক্ষণের জন্য আলাদা মালখানা এবং আধুনিক থানা হাজত নির্মাণের কাজ এগিয়ে চলছে।
পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। গণঅভ্যুত্থানকালীন বিভিন্ন ঘটনায় দায়ের করা মামলার রায়ে দণ্ডিত এসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৩ কর্মকর্তার মধ্যে পাঁচজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এ ছাড়া গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা এসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সরকারি নিয়োগে মেধা ও যোগ্যতার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে সরকারি সব নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া প্রয়োজন। সম্প্রতি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় নেতিবাচক পুলিশ প্রতিবেদনের কারণে একজন যোগ্য প্রার্থী বাদ পড়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেন তিনি।
পুলিশের যানবাহন সংকট নিরসনে দুটি প্রকল্প
জনবল বাড়ানোর পাশাপাশি পুলিশের আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে যানবাহন সংকট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশের অপারেশনাল ও বিশেষায়িত যানবাহন কেনার জন্য দুটি পৃথক প্রকল্প তৈরির কাজ চলছে। প্রকল্প দুটি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, প্রকল্প দুটি একনেকে অনুমোদিত হলে মাঠপর্যায়ে পুলিশের টহল ও অভিযানে যানবাহনের সংকট অনেকটাই কমবে।
বৈঠকে পুলিশ বাহিনীর কাঠামোগত সংস্কার, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভঙ্গুর অবস্থা থেকে পুনর্গঠন করতে হচ্ছে। এ জন্য আইনি সংস্কারের পাশাপাশি বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। তবে পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক সরঞ্জাম সরবরাহে কিছুটা সময় প্রয়োজন।
ডিজিটাল ও সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সাইবার ইউনিটকে নতুনভাবে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এ বিশেষায়িত ইউনিটে চুক্তিভিত্তিক দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে।
মাদক নিয়ন্ত্রণ ও মামলা তদন্তের মান উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিটি জেলায় মাদক পরীক্ষার জন্য পৃথক ফরেনসিক ল্যাব, জব্দ করা মাদক রাখার জন্য আলাদা মালখানা এবং আসামিদের রাখার উপযোগী আধুনিক থানা হাজত নির্মাণের কাজ চলছে। আদালতে উপস্থাপনের জন্য জব্দ করা মাদকের প্রয়োজনীয় নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট অংশ আইন অনুযায়ী দ্রুত ধ্বংসের ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে, মাদক মামলার তদন্ত ও নির্ভুল অভিযোগপত্র দাখিল নিশ্চিত করতে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তদন্ত কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে আইনি প্রক্রিয়া ও আধুনিক তদন্ত ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত ব্রিফিং এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
নতুন পুলিশ ক্যাম্প ও ফাঁড়ি স্থাপনের সুপারিশ
দুর্গম ও অপরাধপ্রবণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে নতুন পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম তার নির্বাচনি এলাকায় দুটি পুলিশ ফাঁড়ি ও একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানান। অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানা বলেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় নরসিংদীর চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। এ সমস্যা সমাধানে নরসিংদী সদর ও রায়পুর উপজেলায় দুটি করে মোট চারটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রস্তাব দেন তিনি।
সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দুটি পুলিশ ফাঁড়ি ও একটি ফায়ার সার্ভিস স্টেশন এবং নরসিংদী সদর ও রায়পুর উপজেলায় দুটি করে মোট চারটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।
বৈঠকে মুন্সীগঞ্জের দুর্গম চরাঞ্চল মোল্লাকান্দি ও গয়াগাছিয়া ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সিনিয়র সচিব জানান, মুন্সীগঞ্জ সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত মোল্লাকান্দি ইউনিয়নে যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটত। তবে জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগ ও নিয়মিত অভিযানের ফলে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। গয়াগাছিয়া ইউনিয়নেও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক বিস্তার, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত উদ্যোগ নিয়েছে। স্থানীয় থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট যৌথভাবে কাজ করছে। পাশাপাশি নিয়মিত ব্লক রেইড ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
কিছু অপরাধ কমলেও বেড়েছে চুরি ও মাদক মামলা
বৈঠকে ২০২৫ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিল অফিসার।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, ডাকাতির ঘটনা ৫৩৮টি থেকে কমে ৩৮৭টি হয়েছে। দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৪টিতে। হত্যাকাণ্ডের সংখ্যাও ২ হাজার ৯১৩টি থেকে কমে ২ হাজার ৬৫৯টিতে নেমেছে। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা ৭৪৩টি থেকে কমে ৫৯৫টি হয়েছে। দাঙ্গার ঘটনা ৬২টি থেকে কমে দাঁড়িয়েছে ১৭টিতে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনাও কমেছে বলে বৈঠকে জানানো হয়। নারী নির্যাতনের ঘটনা কমেছে ১ হাজার ৮৪টি।
তবে সব ধরনের অপরাধের ক্ষেত্রে উন্নতি হয়নি। কার্যবিবরণীতে বলা হয়েছে, সিঁধেল চুরি, সাধারণ চুরি ও মাদকসংক্রান্ত মামলার সংখ্যা ১৪ হাজার ৩২২টি বেড়েছে। চোরাচালান এবং মোট দায়ের করা মামলার সংখ্যাও বেড়েছে ১৩ হাজার ৭৯০টি। অর্থাৎ হত্যা, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ কমলেও চুরি ও মাদকসংক্রান্ত অপরাধের চাপ রয়ে গেছে।
বৈঠকে আরও জানানো হয়, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে হত্যা ও ডাকাতির ঘটনা কমলেও ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা কিছুটা বেড়েছে। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৫৫৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৫৭৬টি গুলি এবং ৪ হাজার ৫৭৫টি কার্তুজ উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৯৪ জন আসামিকে।
মাদকবিরোধী অভিযানে ওই তিন মাসে ৮৩ লাখের বেশি ইয়াবা ও ১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময়ে প্রতি মাসে গড়ে ৯ হাজারের বেশি মাদকসংক্রান্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
রাজধানীতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে
রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিভিন্ন কার্যক্রমের তথ্যও বৈঠকে তুলে ধরা হয়। কাউন্সিল অফিসার জানান, অপরাধ দমনে রাজধানীতে পায়ে হেঁটে টহল, মোবাইল পেট্রোল ও হোন্ডা মোবাইলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে আকস্মিক চেকপোস্ট বসানো হচ্ছে। নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।
সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠক ও নাগরিক কমিটির মাধ্যমে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করা হচ্ছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণে ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিআইএমএস) আরও কার্যকর করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার হওয়া পেশাদার অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানো ঠেকাতে ‘সাসপেক্ট আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন সিস্টেম’ (এসআইভিএস)-এর মাধ্যমে ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করে নজরদারি চালানো হচ্ছে।
রাড্ডার ঘটনা ও সাবেক সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে আলোচনা
বৈঠকে রাড্ডার ঘটনা এবং বিমানবন্দরে সাবেক এক সেনা কর্মকর্তার গ্রেফতারের বিষয়ে সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাড্ডার ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির অভিযোগ সঠিক নয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে প্রত্যাহার হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয়নি। পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে কোনো সংসদ সদস্য এ ঘটনায় জড়িত কি না, তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। তবে জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মেজর আখতারের মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের একজন দায়িত্বশীল কর্মকর্তা ওই মামলার বাদী। তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য শিরীন সুলতানা গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে প্রচার না হওয়ার প্রসঙ্গ তোলেন। পরে জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির চিত্র গণমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সুপারিশ করে স্থায়ী কমিটি।
এ ছাড়া কমিটির সদস্য শিরীন সুলতানা, মো. আব্দুল বাতেন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শের ভিত্তিতে বৈঠক শুরুর অন্তত এক সপ্তাহ আগে সদস্যদের কাছে আগের সভার কার্যবিবরণী এবং মন্ত্রণালয়ের পাঠানো নথিপত্র পৌঁছানোর ব্যবস্থা নিতে কমিটি সচিবকে নির্দেশনা দেওয়া হয়।
স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ কমিটির ভূমিকা রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দেশের সবাই তার সুফল পাবে। আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করা এবং মাদক নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়কে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে জয়নুল আবেদীন বলেন, তিনি নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন এবং দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছেন। গণতান্ত্রিক সরকার কীভাবে জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে, সে দায়িত্ব সবাইকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও কমিটির সদস্য মীর শাহে আলম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও বিভাগের প্রধান এবং প্রতিনিধিরা অংশ নেন। সংসদ সচিবালয়ের উপসচিব ও কমিটি সচিব মো. আমিনুল ইসলাম, সভাপতির একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (গণসংযোগ) তানজীনা তানিন, সহকারী পরিচালক (রিপোর্টিং) মো. জাহিদুল ইসলাম এবং সহকারী সচিব লতিফা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
সময়ের আলো/ইউএমএইচ