শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। ছবি : সময়ের আলো মজুরি ইস্যুকে ঘিরে চলমান শ্রমিক আন্দোলনে গার্মেন্টস শিল্পের ক্ষতিটা এখন আর শুধু কারখানা বন্ধের হিসাব না, এটা এখন জাতীয় অর্থনীতির বড় ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) জানিয়েছে, চলমান আন্দোলনে শুরু থেকে এখন পর্যন্ত শুধু পোশাক খাতেই ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় ক্ষতি বিদেশি ক্রেতার আস্থা নষ্ট হওয়া। শ্রমিক আন্দোলনের কারণে কারখানা মালিকরা সময়মতো ক্রেতাকে পণ্য পাঠাতে পারেনি। ফলে বিদেশি অনেক ক্রেতা অন্য দেশের বাজারে চলে গেছে।
শিল্প মালিকরা এখনও চরম দুশ্চিন্তায় রয়েছেন— সময়মতো পণ্য পাঠানো নিয়ে। চলমান আন্দোলনে যে শুধু দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে বা শিল্প মালিকদেরই ক্ষতি হয়েছে— তা নয়। আর্থিক ক্ষতির মুখে পড়েছে পোশাক শিল্প শ্রমিকরাও। কারণ হামলা-ভাঙচুরের কারণে অনেকগুলো কারখানা শ্রম আইনের ১৩-এর ১ ধরায় বন্ধ করে দেন মালিকরা। এই ধারায় বলা আছে, যতদিন বন্ধ থাকবে কারখানা-ততদিন মজুরি পাবে না শ্রমিকরা। ফলে এই ধারামতে অনেক শ্রমিকের চলতি মাসের বেশ কয়েক দিনের মজুরি কাটা পড়বে। অর্থাৎ মাস শেষে তারা মজুরি কম পাবে। সুতরাং চলমান আন্দোলনে মালিকদের মতো শ্রমিকরাও ক্ষতির মুখে পড়েছে।
এদিকে স্বস্তির বিষয় হচ্ছে— নভেম্বরের শুরু থেকে যেভাবে শ্রমিকরা সহিংস ও জোরালো আন্দোলন চালিয়েছে— গত দুই-তিন দিন সে আন্দোলনের মাত্রা কিছুটা কমে এসেছে। আগামী সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বসার কথা রয়েছে এবং ওই বৈঠকেই মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে মালিকপক্ষ ১৫ হাজারের কাছাকাছি ন্যূনতম মজুরি প্রস্তাব করবেন। একই সঙ্গে তারা একটি স্থায়ী মজুরি কাঠামো নির্ধারণেরও প্রস্তাব দেবেন। ইতিমধ্যেই গত ৯ নভেম্বর শ্রমিক পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী সোমবারের বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার পর মজুরি বোর্ডে আলোচনা সাপেক্ষে দ্রুতই মজুরি চূড়ান্ত করবে বোর্ড। একই সঙ্গে শিল্প মালিক ও শ্রমিক নেতারাও আশা করছেন মজুরি বোর্ড দ্রুত মজুরি চূড়ান্ত করে দেওয়ার মাধ্যমে চলমান শ্রমিক অসন্তোষও থেমে যাবে।
এমনটিই প্রত্যাশা করে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সময়ের আলোকে বলেন, ‘মজুরি ইস্যুকে ঘিরে গত দুই-তিন সপ্তাহ গার্মেন্টস শিল্পে যে অসন্তোষ হয়েছে— তাতে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। আমরা চাইব এই ক্ষতির মাত্রা যেন আর একটুও না বাড়ে। শ্রমিকরা যেন কারখানায় কাজ ফেলে রাস্তায় আর না নামে। যেখানে মজুরি বোর্ডে মজুরি চূড়ান্ত করতে পুরোদমে কাজ চলছে সেখানে এভাবে আন্দোলনের তো কোনো মানে হয় না। আগামী সোমবারের বৈঠকেই মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়া হবে। এর পর উভয়পক্ষের প্রস্তাবের ওপর আলোচনা সাপেক্ষে দ্রুতই মজুরি বোর্ড মজুরি চূড়ান্ত করবে। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষও থেমে যাবে। আমরা চাইব না আমাদের দীর্ঘ দিনের ভালো ক্রেতা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের বাজার ছেড়ে চলে যাক। তার জন্য এই শ্রমিক আন্দোলন দ্রুত থামানো দরকার।’
চলমান শ্রমিক আন্দোলনের কারণে ক্ষয়-ক্ষতির চিত্র বিশ্লেষণে দেখা গেছে- সরাসরি উৎপাদন ক্ষতি হয়েছে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২২০ কোটি টাকা। এর সঙ্গে পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, সহযোগী শিল্প সব ধরে ক্ষতির মাত্রাটা আরও বেশি। অবশ্য বিজিএমইএ’র পক্ষ থেকে বলা হচ্ছে— প্রতিদিন গড়ে ৪০০ কোটি টাকার বেশি রফতানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতারা বলছেন, সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ক্রেতাদের আস্থা নষ্ট হওয়া-যা টাকায় মাপা যাবে না এবং এটাই আসল ক্ষতি। তারা বলছেন, টাকার হিসাব তো একদিন পূরণ হবে, কিন্তু আমাদের দেশের পোশাকের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার ক্ষতিটা পুষিয়ে নেওয়ার মতো না। বলা হচ্ছে, ইতিমধ্যেই প্রায় ২ বিলিয়ন ডলারের অর্ডার ভারত, ভিয়েতনাম, পাকিস্তানে চলে গেছে।
বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের যে আস্থা নষ্ট হচ্ছে তার প্রমাণ দিচ্ছে বড় বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোই। যেমন এইচঅ্যান্ডএম ও ইনডিটেক্সের মতো বড় ক্রেতারা কয়দিন আগে বিজিএমইএ অফিসে এসে সরাসরি উদ্বেগ জানিয়েছে। তারা বলেছে, শিপমেন্ট দেরি হলে তারা অর্ডার কমিয়ে দেবে।
শিল্প মালিকরা আরেক দিক দিয়েও ক্ষতির মুখে পড়ছেন। সময়মতো পণ্য পাঠাতে না পারায় বিমানে করে পোশাক পাঠাতে হচ্ছে, এর খরচ জাহাজের চেয়ে ১০ গুণ বেশি। না হলে ক্রেতারা ডিসকাউন্ট চাইছে। এ কারণে নিজে লোকসান করে অনেক মালিক শুধু ক্রেতা ধরে রাখতে বিমানে পোশাক পাঠাচ্ছে।
উদ্বিগ্ন শিল্প মালিকরা : পোশাক ব্যবসায় একটা কথা আছে- ‘সময়মতো পণ্য দিতে না পারলে, দাম যত কমই হোক, কোনো লাভ নেই।’ বাংলাদেশের পোশাক শিল্প এখন ঠিক এই সমস্যায় পড়েছে। কারখানায় কম পোশাক তৈরি হচ্ছে, আবার সময়মতো বন্দরে পৌঁছাচ্ছে না। বন্দরে পৌঁছালেও জাহাজ পাওয়া যাচ্ছে না। জাহাজ পাওয়া গেলেও ক্রেতার দোকানে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। আর এই দেরির কারণে বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তারা বলছেন, ‘আমরা তোমাদের ওপর ভরসা করতে পারছি না।’ এই ভরসা হারানোর দাম দিতে হচ্ছে ৪০ লাখ শ্রমিককে।
শিপমেন্ট আটকে যাওয়ার বিষয়ে গাজীপুরের একটি কারখানার মালিক নাম প্রকাশ না করার শর্তে সময়ের আলোকে বলেন, ‘আমার কারখানায় ৮০০ শ্রমিক কাজ করে। গত মাসে জার্মান ক্রেতার ৫০ হাজার পিস জ্যাকেটের অর্ডার ছিল। গত ১০ নভেম্বরের মধ্যে এসব পোশাক চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ২৯ অক্টোবর থেকে শুরু হওয়া মজুরি আন্দোলনে আমার কারখানা ৪ দিন বন্ধ ছিল। এরপর সড়ক অবরোধে ট্রাক বন্দরে যেতে পারেনি ২ দিন। ফলে পণ্য বন্দরে পৌঁছেছে ১৬ নভেম্বর, ৬ দিন দেরিতে। জার্মান ক্রেতা বলেছে, ‘এই পোশাক এখন আমার দরকার নেই। শীত চলে যাচ্ছে। আমি এই অর্ডার বাতিল করছি।’ এর ফলে আমার ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকা। এভাবে যদি চলতে থাকে তা হলে তো আমরা দেউলিয়া হয়ে যাব। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। আশা করব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
এরকম গল্প শুধু ওই মালিকের একার নয়। এমন শত শত গল্প এখন গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে অন্তত ৩০০টি শিপমেন্ট দেরিতে গেছে। এর মধ্যে ৪৫টি শিপমেন্ট সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া শিপমেন্টের মূল্য প্রায় ৫ কোটি ডলার।
সময়মতো পোশাক পাঠাতে না পারার পেছনে চারটি মূল কারণ আছে। এর মধ্যে প্রধান কারণ কারখানা বন্ধ থাকা। মজুরি আন্দোলনের কারণে এক দিনে ৬৭৯ থেকে ৬৯০টি কারখানা বন্ধ ছিল। ২৯ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন কারখানা বন্ধ ছিল। কারখানা বন্ধ মানে উৎপাদন বন্ধ। উৎপাদন বন্ধ মানে শিপমেন্টের তারিখ মিস।
আশুলিয়া এলাকার একটি কারখানার উৎপাদন ব্যবস্থাপক বলেন, ‘আমাদের কারখানায় একটা অর্ডারের জন্য ২০ দিন সময় ছিল। ৪ দিন বন্ধ থাকায় আমরা ১৬ দিনে কাজ শেষ করতে পারিনি। ক্রেতাকে বললাম, ২ দিন সময় দাও। ক্রেতা বলল, ‘২ দিন না, ২ ঘণ্টাও দেব না। আমরা এখন কিভাবে পোশাক পাঠাব তাদের কাছে।’
বিদেশি ক্রেতাদের বক্তব্য খুবই স্পষ্ট— তারা আর অপেক্ষা করতে চায় না। সুইডেনের এইচঅ্যান্ডএম-এর বাংলাদেশ অফিস থেকে মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে, ‘আগামী দুই মাসের অর্ডার আমরা কমিয়ে দিচ্ছি। আগে তোমরা সময়মতো ডেলিভারি নিশ্চিত কর।’ আবার জার্মানির একটি ব্র্যান্ডের ক্রেতা প্রতিনিধি বলেন, ‘আমরা বাংলাদেশকে ১৫ বছর ধরে চিনি। কিন্তু গত ২ সপ্তাহে আমাদের ১২টি শিপমেন্ট দেরিতে এসেছে। আমাদের দোকানে ক্রিসমাসের মাল পৌঁছাতে হবে। আমরা ভিয়েতনামে অর্ডার দিয়েছি। তারা সময়মতো দিয়েছে।’
আমেরিকার একটি ক্রেতা প্রতিষ্ঠান আরও কঠোর। তারা তাদের সোর্সিং টিমকে বলেছে, ‘বাংলাদেশের ওপর নির্ভরতা ৩০ শতাংশ কমিয়ে আনো। ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়ায় অর্ডার বাড়াও।’
বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘মজুরি প্রস্তাব নিয়ে আমরা কোনো বিলম্ব করছি না। আমাদের প্রস্তাব তো রেডি। বৈঠক স্থগিত না হলে আমরা এতদিন প্রস্তাব দিয়ে দিতাম। এখন আগামী সপ্তাহে যে বৈঠক হবে, সেখানেই প্রস্তাব দেওয়া হবে। তবে শ্রমিকপক্ষ যে মজুরি প্রস্তাব দিয়েছে ৩২ হাজার টাকা— সেটি ‘অযৌক্তিক’ হয়েছে। একটা কথা আছে যে, কামান চাইলে পিস্তল পাওয়া যাবে। আমার মনে হয়, ওইরকম একটা থিওরিতে আসলে তারা প্রস্তাবটা দিয়েছেন। কিন্তু আমি মনে করি, এই ধরনের অযৌক্তিক প্রস্তাব দেওয়াটা আসলে উচিত হয়নি। এতে সাধারণ শ্রমিকদের মনে (মজুরি নিয়ে) একটা উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। এখন সেটা যদি বাস্তবে তারা না পায়, তা হলে কিন্তু আরেকটা অসন্তোষের রিস্ক তৈরি হলো।’
এদিকে অর্থনীতিবিদ ও নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। যদি একটা ভালো প্রস্তাব আসে, তা হলে আমার ধারণা, আন্দোলনটা এরপর চললেও সেটার তখন খুব একটা ভিত্তি থাকবে না এবং তখন এ ধরনের আন্দোলনগুলো একটা পর্যায়ে গিয়ে মিটিয়ে ফেলা যাবে। সেখানে বাইরের রাজনৈতিক উপাদানগুলো খুব বেশি উসকাতে পারবে না। কিন্তু তা না করে যদি এটিকে প্রলম্বিত করা হয় তা হলে সব বিষয় একসঙ্গে ঘণীভূত হয়ে সমস্যাটিকে আরও জটিলতর করতে পারে।
সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি : এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া কয়েকটি প্রস্তাবের বিষয়ে পর্যবেক্ষণ ও আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে তাদের প্রস্তাবের বিষয়ে কিছু পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে সিপিডির প্রস্তাবের পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি। চিঠিতে বলা হয়, গত এক দশকেরও বেশি সময় ধরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় সিপিডির সক্রিয় ভূমিকা আমরা গুরুত্বের সঙ্গে লক্ষ করেছি, বিশেষ করে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে। এরই ধারাবাহিকতায় এবারের ন্যূনতম মজুরি নির্ধারণকে সামনে রেখে সিপিডি তাদের মূল্যায়ন উপস্থাপন করেছে। সিপিডির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই প্রতিবেদনের ওপর আমাদের কিছু পর্যবেক্ষণ তুলে ধরতে চাই।
সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে একটি পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে মিডিয়াম বা গড় বিবেচনা করা যৌক্তিক হতো, যাতে সব গবেষণার ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হতো। আরও গুরুত্বপূর্ণ হলো, সিপিডির নিজস্ব ২০২৩ সালের তৈরি পোশাক শ্রমিক জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩.৭ জন এবং উপার্জনক্ষম সদস্য ২ জন। অর্থাৎ, সিপিডির বুধবারের প্রেজেন্টেশন অনুযায়ী বিগত ৩ বছরের ব্যবধানে শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা বেড়েছে, অপরদিকে উপার্জনক্ষম সদস্যসংখ্যা কমেছে, যা বস্তুনিষ্ঠ বলে মনে করছি না।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ রিপোর্ট (পৃষ্ঠা-৬৪) অনুযায়ী, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালের ৪.৬৬ জন থেকে ২০১১ সালে ৪.৩৫ জন এবং ২০২৩ সালে ৩.৯৬ জনে নেমে এসেছে। পরিবারের জাতীয় গড় সদস্যসংখ্যা যখন ক্রমহ্রাসমান, তখন পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বোধগম্য নয়।
পোশাক শিল্পে ক্ষতি জানতে জরিপ শুরু করেছে বিজিএমইএ : অপরদিকে চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে উৎপাদন ও রফতানি কার্যক্রমে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে জরিপ করার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানার কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উৎপাদন ব্যাহত হওয়া, রফতানি আদেশ বাতিল, পণ্য আকাশপথে পাঠানোর অতিরিক্ত ব্যয়, ছাড় দিয়ে পণ্য বিক্রি, কারখানার সম্পদের ক্ষতিসহ বিভিন্ন খাতের তথ্য চেয়েছে সংগঠনটি।
বিজিএমইএ গত বুধবার সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চেয়েছে। চিঠিতে ২২ নভেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে সদস্যদের এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন, নীতিগত সহায়তার সুপারিশ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সংগঠনটি।
বিজিএমইএর চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও রফতানিপ্রক্রিয়া ব্যাহত হয়েছে। এ কারণে আর্থিক ক্ষতি, রফতানি আদেশ বাতিল বা হ্রাস, অতিরিক্ত ব্যয় এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সময়ের আলো/প্রিন্ট/আতা