গ্রাফিক : সময়ের আলো রাজশাহীতে আম উৎপাদন হচ্ছে বেশি, কিন্তু তা প্রক্রিয়াজাত করে নতুন পণ্য ও কর্মসংস্থান তৈরির ব্যবস্থা একেবারে কম। চট্টগ্রামে বন্দর, পরিবহন ও স্বাস্থ্যসেবায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তরুণদের সেই কাজের উপযোগী করে তোলার প্রশিক্ষণ কম। আবার নোয়াখালীতে নারী উদ্যোক্তার জন্য স্বল্প সুদের ঋণের সুযোগ থাকলেও স্বামীর স্বাক্ষরের মতো শর্তে তা পাচ্ছেন না। অর্থাৎ সুযোগের অভাবই একমাত্র সমস্যা নয়, সেই সুযোগকে তরুণদের আয়, কর্মসংস্থান ও টেকসই ব্যবসায় রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও সেবার ঘাটতি রয়েছে দেশে। এভাবে সম্ভাবনা থাকার পরও দেশের তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘মেসো-ইকোনমি ও মিসিং মিডল : তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক এই গবেষণার ফল তুলে ধরা হয়। গবেষণায় সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।
অনুষ্ঠানের শুরুতে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক বিষয়গুলো সামনে থাকলেও এর পেছনে অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিও কাজ করেছে। তরুণরা কীভাবে কর্মজীবনে প্রবেশ করবেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজ পাবেন এবং সরকারি সেবা নিতে পারবেন— এসব প্রশ্ন জুলাই অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
হোসেন জিল্লুর রহমান বলেন, সামষ্টিক অর্থনীতি ও পরিবার বা ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা হলেও মাঝের স্তরটি কম গুরুত্ব পায়। তিনি এই স্তরকে বলেছেন, ‘মেসো-ইকোনমি’ বা অর্থনীতির মধ্য স্তর। এখানেই জাতীয় নীতিতে তৈরি সুযোগ কাজে লাগিয়ে একজন তরুণ চাকরি পেতে বা নিজের উদ্যোগ বড় করতে পারেন। আবার এখানেই তিনি আটকে যেতে পারেন।
ডিগ্রি আছে, কাজ নেই : গবেষণায় ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ ডিগ্রি কাজের নিশ্চয়তা দিচ্ছে না।
গবেষণায় বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে উৎপাদন খাতে কর্মসংস্থান ৯ দশমিক ৬ শতাংশ কমেছে, যদিও শিল্প খাতের আকার বছরে ৯ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। অর্থাৎ শিল্প বাড়ছে, কর্মসংস্থান কমছে।
পাঁচ অঞ্চলে পাঁচ চিত্র : ২০২৬ সালের ২৮ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে গবেষণাটি করা হয়। রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ এবং নিয়োগদাতাদের নিয়ে পৃথক পরামর্শ সভা হয়। সংক্ষিপ্ত প্রশ্নপত্র পূরণ করেন ১০০ তরুণ এবং ৫৯ নিয়োগদাতা ও উদ্যোক্তা। এ ছাড়া নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাইটেক পার্ক, উপকূলীয় নোয়াখালী ও বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করা হয়।
রাজশাহী : আমের দেশে প্রক্রিয়াকরণ নেই
গবেষণায় রাজশাহী অঞ্চলের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে, উৎপাদন যতটা এগিয়েছে, প্রক্রিয়াজাতকরণ ও সহায়ক সেবা ততটা এগোয়নি। দেশের প্রায় অর্ধেক আম এই অঞ্চল থেকে এলেও অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী তা প্রায় পুরোটাই তাজা ফল হিসেবে বিক্রি হয়। ফসল সংগ্রহের পর উল্লেখযোগ্য ক্ষতির কথাও জানিয়েছেন তারা। অথচ আমের শুকনা টুকরা, ঘনীভূত উপাদান, আঁটির বাটার ও তেল তৈরির মাধ্যমে নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে বলে গবেষণায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন। রাজশাহীর রেশম খাতেও অব্যবহৃত সক্ষমতার চিত্র এসেছে।
যশোর : উদ্যোগের সঙ্গে মিলছে না সেবা
যশোরে ফুল, মৎস্য চাষ, হালকা প্রকৌশল, নারীদের পরিচালিত সেবা ব্যবসা এবং ডিজিটাল উদ্যোগের বৈচিত্র্য রয়েছে। কিন্তু এসব ব্যবসার বাস্তবতার সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সেবার মিল কম বলে পিপিআরসির গবেষণায় উঠে এসেছে। অংশগ্রহণকারীরা আরও জানিয়েছেন, তথ্য-প্রযুক্তিতে দক্ষতা নেই এমন কর্মকর্তারা পার্ক পরিচালনা করছেন এবং কাছের একটি বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত তথ্যপ্রযুক্তি পরীক্ষাগারও অব্যবহৃত রয়েছে।
নোয়াখালী : স্বল্প সুদের ঋণ অধরা
গবেষণায় বলা হয়, নোয়াখালীর উপকূলীয় অর্থনীতিতে কৃষি, প্রাণিসম্পদ ও নানা উদ্যোগের সুযোগ থাকলেও স্থানীয় প্রক্রিয়াজাতকরণ ও উপযোগী অর্থায়নের ঘাটতি রয়েছে। উৎপাদকরা জানিয়েছেন, স্থানীয়ভাবে সয়াবিন ভাঙানো বা পশুখাদ্য তৈরির কারখানা না থাকায় সয়াবিন এলাকা থেকে বেরিয়ে যায়। ফলে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাড়তি আয় ও কাজের সুযোগ স্থানীয়ভাবে তৈরি হয় না।
ঋণের কিস্তির সময়সূচিও কৃষির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে গবেষণায় উঠে এসেছে। ফসল বিক্রির অর্থ হাতে আসার আগেই কিস্তি শুরু হয়। নারীদের ঋণ প্রাপ্তির বাধা বোঝাতে একটি ঘটনাও তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়, নোয়াখালীতে ঘরভিত্তিক ব্যবসা পরিচালনাকারী এক নারী স্বামীর উপস্থিতি ও স্বাক্ষর না থাকায় ঋণ পাননি বলে জানিয়েছেন। উপকূল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক নারীও জমির দলিল, খতিয়ান ও স্বামীর স্বাক্ষর চাওয়ার একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অন্যদিকে নারীর নামে নেওয়া ঋণ স্বামী নিয়ন্ত্রণ করার কথাও এসেছে।
চট্টগ্রাম : কর্মী চাই, দক্ষ কর্মী নেই
গবেষণায় বলা হয়, বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সেবায় চট্টগ্রামে কর্মসংস্থানের বড় সুযোগ আছে। তরুণরা বলেছেন, চাকরিতে অভিজ্ঞতা চাওয়া হয়, অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থ তথা ঘুষ দিতে হয়।
নিয়োগদাতারা ব্যবহারিক দক্ষতার ঘাটতি ও প্রশিক্ষিত কর্মী ধরে রাখার অসুবিধার কথা বলেছেন।
অন্যদিকে তরুণদের প্রশ্ন, প্রথম চাকরির আগেই অভিজ্ঞতা চাইলে তারা সেই অভিজ্ঞতা অর্জন করবেন কোথায়। ইন্টার্নশিপ ও খণ্ডকালীন কাজের সুযোগ সীমিত বলেও জানিয়েছেন তারা।
বান্দরবান : বাজারের সঙ্গে সম্পৃক্ততা কম
গবেষণায় বলা হয়, বান্দরবানে ফলবাগান, কফি, কাজুবাদাম, মৌ চাষ, পর্যটন ও হস্তশিল্পে জীবিকার সুযোগ রয়েছে। তবে রাস্তা, হিমাগার, প্রক্রিয়াজাতকরণ ও ক্রেতার কাছে পৌঁছানোর ব্যবস্থা দুর্বল হলে উৎপাদকরা প্রত্যাশিত আয় পান না।
কয়েক দশক ধরে সরকার থেকে এই জেলায় জুমচাষে নিরুৎসাহিত করে ফলের বাগানে উৎসাহ দিয়েছে। গবেষণায় অংশ নেওয়া এক ম্রো অংশগ্রহণকারী বলেছেন, ‘রাষ্ট্রের পরামর্শে সবাই বাগান করেছে। কিন্তু যত আমগাছ লাগানো হচ্ছে, তত পানি শুকাচ্ছে।’
অগ্রাধিকার প্রস্তাব
তরুণদের কর্মসংস্থান ও ব্যবসা গড়ে তোলার পথে বাধা দূর করতে সাতটি অগ্রাধিকার প্রস্তাব দিয়েছে পিপিআরসি। সংস্থাটি বেতনসহ শিক্ষানবিশের সুযোগ তৈরি এবং প্রশিক্ষণের ব্যয় ভাগাভাগির মাধ্যমে নিয়োগদাতাদের প্রশিক্ষণব্যবস্থায় যুক্ত করার প্রস্তাব দিয়েছে। আয়ের সঙ্গে মিল রেখে কিস্তি নির্ধারণের কথাও বলেছে সংস্থাটি। পাশাপাশি ঋণ পেতে বাধা তৈরি করে— এমন জমির দলিল ও স্বামীর স্বাক্ষরের শর্ত তুলে দেওয়ার সুপারিশ করেছে। ছোট প্রতিষ্ঠানের জন্য আঞ্চলিক পর্যায়ে লাইসেন্স সেবা চালু, বিক্রির পরিমাণের ভিত্তিতে মূল্যায়ন এবং সেবার মানদণ্ড প্রকাশের প্রস্তাব দিয়েছে পিপিআরসি।
কাজ ও শিক্ষায় অংশগ্রহণের বাধা কমাতে শিশুযত্ন ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ, নিয়োগপ্রক্রিয়ায় সবার অংশগ্রহণের সুযোগ এবং আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান সুরক্ষার সুপারিশ করেছে পিপিআরসি। এ ছাড়া নীতিনির্ধারকদের সঙ্গে তরুণ ও স্থানীয় অংশীজনদের নিয়মিত সংলাপ, আঞ্চলিক চেম্বারগুলোর আনুষ্ঠানিক ভূমিকা এবং অভিযোগের জবাব ও প্রতিকারের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
সময়ের আলো/কেএইচও