বহুজাতিক কোম্পানির কর তদারকিতে আইটিইউ পুনর্গঠন

বিজনেস

বহুজাতিক কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের আড়ালে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয়

2026-11-20T22:55:48+00:00
2026-11-20T22:55:48+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজনেস
কর ফাঁকি ও অবৈধ মুনাফা স্থানান্তর রোধে উদ্যোগ
বহুজাতিক কোম্পানির কর তদারকিতে আইটিইউ পুনর্গঠন
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
বহুজাতিক কোম্পানিগুলোর আন্তঃসীমান্ত লেনদেনের আড়ালে মুনাফা স্থানান্তর ও কর ফাঁকির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক কর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ট্রান্সফার প্রাইসিং সেলকে আন্তর্জাতিক কর ইউনিটের (আইটিইউ) অধীনে এনে নতুন কাঠামোয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, নতুন ইউনিটের মাধ্যমে বহুজাতিক কোম্পানির কর সংক্রান্ত নথি, আন্তর্জাতিক লেনদেন ও আয়কর কার্যক্রম কেন্দ্রীয়ভাবে তদারক করা হবে। বর্তমানে দেশের ৩৩টি কর অঞ্চলে এসব প্রতিষ্ঠানের কর নথি ছড়িয়ে রয়েছে। সেগুলো নতুন ইউনিটের আওতায় আনার পরিকল্পনা করছে সংস্থাটি। এ জন্য পৃথক কার্যালয় ভাড়া নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের (টিজেএন) হিসাব অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ করপোরেট ও ব্যক্তিশ্রেণির কর রাজস্বে প্রায় ১২৭ কোটি ডলার হারিয়েছে। এর মধ্যে শুধু করপোরেট কর রাজস্বের ক্ষতি প্রায় ১২০ কোটি ডলার।

দেশে শাখা ও লিয়াজোঁ অফিসসহ অন্তত ৫০০ বিদেশি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে আন্তর্জাতিক লেনদেনের বিবরণী (এসআইটি) সংগ্রহ করা হলেও গত তিন বছর ধরে ট্রান্সফার প্রাইসিং আইন কার্যকরের উদ্যোগ অনেকটাই স্থবির।


২০১৪ সালে গঠিত টিপি সেলের কার্যক্রম দুর্বল হয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে প্রশিক্ষিত কর্মকর্তাদের অন্যত্র বদলির বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিশেষায়িত প্রশিক্ষণ পাওয়া কর্মকর্তাদের নির্দিষ্ট দায়িত্বে নিয়োজিত না রাখলে এই উদ্যোগ কার্যকর হবে না।

এদিকে নতুন ইউনিটের কার্যপরিধি নির্ধারণে আপিল কমিশনার শাহ আলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিদেশি নাগরিকদের আয়কর রিটার্ন, দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় সনদ প্রদান এবং কর ছাড়পত্রের বিষয়গুলোও এই ইউনিটের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আমদানি-রফতানিতে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে অর্থ পাচার এবং করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তরের (বিইপিএস) প্রবণতা ঠেকাতে আন্তর্জাতিক কর নজরদারি জোরদার করা জরুরি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিষয়টি সরকার পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিত করে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   কোম্পানি  মুনাফা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: