চালের দাম বাড়ছেই, নাগালের বাইরে সবজি

সময়ের আলো ডেস্ক

বিজনেস

রাজধানীর বাজারে চালের দাম আবারও বাড়তে শুরু করেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে চালের জাত ও মান অনুযায়ী প্রতি কেজিতে দাম

2026-11-20T11:17:03+00:00
2026-11-20T11:32:08+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজনেস
চালের দাম বাড়ছেই, নাগালের বাইরে সবজি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:১৭ এএম  আপডেট: ২০.১১.২০২৬ ১১:৩২ এএম
শিম, ফুলকপি, মুলা ও বেগুনসহ কয়েক ধরনের সবজির দামও বেড়েছে। সংগৃহীত ছবি
রাজধানীর বাজারে চালের দাম আবারও বাড়তে শুরু করেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে চালের জাত ও মান অনুযায়ী প্রতি কেজিতে দাম বেড়েছে ১ থেকে ৪ টাকা। একই সঙ্গে শিম, ফুলকপি, মুলা ও বেগুনসহ কয়েক ধরনের সবজির দামও বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই।

চাল ব্যবসায়ীদের ভাষ্য, পুরোনো নাজিরশাইল চালের মজুত প্রায় শেষ হয়ে আসছে। এ কারণে মিল পর্যায়ে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের মাঝামাঝি আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দাম কমতে পারে।

অন্যদিকে সবজি ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও পরিবহন সমস্যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক হলে শীতকালীন সবজির দাম কমার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টির কারণে ক্রেতা কম থাকায় বিক্রিও আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজারের বিভিন্ন দোকান ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে থাকেন। এ ধরনের প্রবণতা ঠেকাতে পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি মিলগেটের মূল্য প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা বন্ধে বাজার তদারকি আরও জোরদার করতে হবে।

বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। গত ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রতি কেজিতে এ চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এর দাম কেজিপ্রতি প্রায় ৮৫ টাকার আশপাশে ছিল।

বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় সরু জাতের মিনিকেট এবং মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চাল। এ দুই ধরনের চালের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে মিনিকেটের দাম কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চালের কেজি কিনতে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা।

তবে মোটা জাতের গুটি স্বর্ণা ও চায়না ইরি চালের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এসব চালের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।

কারওয়ান বাজারের খুচরা চাল বিক্রেতা মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান মিয়া বলেন, ধানের মজুত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

তিনি আরও জানান, নভেম্বরের শেষ দিকে আমন ধান সংগ্রহ শুরু হবে। নতুন চাল বাজারে এলে দাম কমার সম্ভাবনা রয়েছে।

তবে নাজিরশাইলের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বাড়ার বিষয়টি ব্যবসায়ীরা উল্লেখ করলেও মিনিকেট চালের মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তাদের কেউ কেউ মনে করছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগ নিয়ে চালকল মালিকেরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।

এ বছর বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া পোলাও চালের মূল্য বর্তমানে কিছুটা নিম্নমুখী। খোলা পোলাও চালের কেজি এখন ১৮০ থেকে ১৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অথচ দুই মাস আগেও প্রতি কেজির দাম ২০০ টাকার বেশি ছিল। অন্যদিকে প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২১০ থেকে ২৩০ টাকায়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ সব ধরনের খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকার বাজারে সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এর প্রভাবে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।

বর্তমানে আকারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগেও একই ফুলকপি ২৫ থেকে ৩৫ টাকায় পাওয়া যেত।

শিমের কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৯০ টাকায়। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের দামও কেজিতে ১০ টাকা করে বেড়েছে। বর্তমানে এ দুটি সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

বাজারে নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ টাকা এবং পুরোনো আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি আগের অবস্থায় রয়েছে।

আগারগাঁওয়ে ভ্যানে সবজি বিক্রি করেন সাইফুল ইসলাম। তিনি জানান, কয়েক ধরনের সবজির পাঁচ কেজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। তবে বেশি দামে সবজি কেনার পর বিক্রি না হলে তাঁকে লোকসান গুনতে হবে।

কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজি পরিবহনকারী ট্রাকের সংখ্যা কমেছে। সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই বাজারে দাম বাড়বে।

গত সপ্তাহের তুলনায় ডিম ও মুরগির বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকায়।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।

তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে নানা অজুহাত সামনে এনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেন। মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে বাজার চলে যাওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়ালেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   চাল  দাম 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: