প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম
ছবি : সংগৃহীত সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধিপূর্বক ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ হ্রাসের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নের জন্য গৃহীত ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ শীর্ষক প্রকল্পটি গতকাল বুধবার অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটি জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার মোট ২৫টি উপজেলায় অক্টোবর ২০২৬ হতে জুন ২০৩০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে।
খাল পুনর্খনন, প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধ বিলগুলোর পানি নিষ্কাশনপূর্বক জলাবদ্ধতা দূর করে আধুনিক সেচ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ২১ হাজার ৫০৫ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা প্রদানের মাধ্যমে ১ লাখ ৩৯ হাজার ৭৮২ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি বাস্তবায়িত হবে মর্মে প্রকল্পের ফোকাল পয়েন্টে কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী, বিএডিসি, বগুড়া মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।
তিনি আরও বলেন, প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় ৩০০ কি.মি. সেচ ও নিষ্কাশন খাল পুনর্খনন, বিদ্যুৎচালিত এলএলপি সোলার ও গভীর নলকূপ স্কিমের জন্য ৩৫০ সেট পাম্প ও মটর ক্রয়, বিভিন্ন ধরনের ১৫৫টি হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ, ফসলের মাঠ ও চর অঞ্চলের জন্য ৩৫ কি.মি. আরসিসি গোপাট নির্মাণ, ৫০ সেট সোলার সেচযন্ত্র ক্রয় ও স্থাপনসহ সময়োপযোগী এবং কৃষকবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
ফোকাল পয়েন্ট কর্মকর্তা আরও জানান যে, বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম জানিয়েছেন যে, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো প্রকল্পের আওতাধীন সব কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়ে কৃষকের দোরগোড়ায় কোনোরূপ হয়রানি ছাড়া পৌঁছে দেওয়া এবং এ ক্ষেত্রেই একটি প্রকল্পের মূল উদ্দেশ্য নিহিত থাকে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি