প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো। ছবি : সংগৃহীত আফ্রিকার বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ানোর ক্ষেত্রে সম্ভাবনাময় অংশীদার হয়ে উঠতে পারে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বিশেষ করে ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক ও পাটজাত পণ্য আমদানিতে বাংলাদেশের প্রতি আগ্রহ দেখিয়েছে দেশটি। ঘানার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে আফ্রিকার অন্যান্য দেশেও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। বুধবার ঢাকায় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি অবিরি-ডানসো।
বৈঠকে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ঘানার মধ্যে বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩৫ থেকে ৪০ লাখ মার্কিন ডলার। দুই দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাণিজ্যিক সম্ভাবনার তুলনায় এ পরিমাণ খুবই সীমিত। বাণিজ্য বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
তিনি জানান, বাংলাদেশের ওষুধ, পোশাক, সিরামিক, প্লাস্টিক এবং পাটজাত পণ্যের জন্য ঘানার বাজারে ভালো সুযোগ রয়েছে। তা ছাড়া আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (আফসিএফটিএ) কার্যালয় ঘানায় অবস্থিত হওয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ পুরো আফ্রিকার বাজারে প্রবেশের ক্ষেত্রেও সহায়ক হতে পারে।
এ সময় এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন বৈঠক এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ঘানা স্বর্ণ ও কোকো বীজের অন্যতম রফতানিকারক দেশ। বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সময়ের আলো/প্রিন্ট/জেডি