প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৪৪ এএম
ছবি : সংগৃহীত মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের তীব্রতা আরও বেড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশের ৬৩৪টি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এর মধ্যে শ্রমিকদের বিক্ষোভের মুখে ৫১৯টি কারখানায় কাজ বন্ধ হয়ে যায়। বাকি ১১৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
বিজিএমইএ-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এক দিনে এত বেশি কারখানা বন্ধ হওয়ার ঘটনা এটিই সর্বোচ্চ। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।
এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) ১৩১টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রমিকদের আন্দোলনের কারণে ৩৩টি কারখানায় কাজ বন্ধ হয়। আর ৯৮টি কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ।
মঙ্গলবার বন্ধ কারখানার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের খবরকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। ওই খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ আরও জোরালো হয়। অনেক শ্রমিক কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন। ফলে আন্দোলনের কারণে বন্ধ কারখানার সংখ্যা আগের দিনের ৩৩ থেকে বেড়ে ৫১৯টিতে পৌঁছায়। একই দিনে মালিকপক্ষও আরও ১১৫টি কারখানা বন্ধ করে দেয়।
শ্রমিকদের দাবি, মাসিক মূল বেতন ৩০ হাজার টাকা করতে হবে। গত ১ নভেম্বর বেতন বাড়ানোর জন্য মজুরি বোর্ড গঠনের পর কয়েক দিন বিক্ষোভ কিছুটা কম থাকলেও পরে আবার বিভিন্ন কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরপর থেকে প্রতিদিনই কোনো না কোনো কারখানায় শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটছে।
শ্রমিক অসন্তোষের মধ্যে মালিকপক্ষ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কিছু কারখানা বন্ধ রাখছে। অন্যদিকে শ্রমিকদের কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসার ঘটনাও অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জেডি