ছবি : সংগৃহীতদেশের ফার্নিচার, উডওয়ার্কিং, কিচেন কেবিনেট ও ইন্টেরিয়র শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং উদ্ভাবনী পণ্য তুলে ধরতে ঢাকায় শুরু হচ্ছে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। এগুলো হলো- তৃতীয় ফার্নিটেক এক্সপো ২০২৬, তৃতীয় ইনটেক এক্সপো ২০২৬ এবং সাইনেজ এক্সপো ২০২৬।
প্রদর্শনীগুলোতে ফার্নিচার উৎপাদন, উডওয়ার্কিং, ইন্টেরিয়র ডিজাইন, কিচেন কেবিনেট, মেটাল এবং উড মেশিনারিজসহ সংশ্লিষ্ট খাতের আধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড (এফটিইএল)।
সংবাদ সম্মেলনে উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈমুল হোসেন খান বলেন, তৃতীয় ফার্নিটেক এক্সপো ২০২৬ উডওয়ার্কিং ও ফার্নিচার খাতের জন্য একটি চমক হতে যাচ্ছে। আগের মেলাগুলোর ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী, শিক্ষার্থী ও অভিজ্ঞদের মিলনমেলায় পরিণত হবে এ আয়োজন।
তিনি বলেন, ফার্নিচার খাতে সিএনসি ও ফার্নিচার ডিজাইন নিয়ে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করা এবং ভালো কাজের স্বীকৃতি দিতে একটি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। ২১ নভেম্বর মেলার শেষ দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ করা হবে বলেও জানান তিনি।
তৃতীয় ইনটেক এক্সপো ২০২৬-এর প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন। প্রতিষ্ঠানটি মেলায় তাদের আধুনিক মডুলার কিচেন কেবিনেট, ওয়ারড্রোব, প্রিমিয়াম কাউন্টারটপ, সিন্টারড স্টোন, আন্তর্জাতিক মানের কিচেন ফিটিংস, অ্যাপ্লায়েন্স ও স্টোরেজ সলিউশন প্রদর্শন করবে।
মাই কিচেনের সিইও শওকত ইমরান খান বলেন, বাংলাদেশের কিচেন কেবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দক্ষ জনবল ও নিজস্ব উৎপাদন সক্ষমতার মাধ্যমে দেশীয় শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। মাই কিচেন শুধু মানসম্মত পণ্য উৎপাদন নয়, বাংলাদেশের কিচেন কেবিনেট শিল্পকে আন্তর্জাতিক মান ও পরিচিতিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও কাজ করছে। তিনি আরও বলেন, নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই এক্সপো।
আয়োজক এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, মেলায় ইন্টেরিয়র টেকনোলজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজের পাশাপাশি ইন্টেরিয়র খাতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হবে। এসব প্রযুক্তি দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে বিশেষ অবদান রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার দেবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে