ইউরোপের বাজারে পোশাক রফতানিতে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০২৬ সালের প্রথম ৯ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক

2026-11-15T23:33:45+00:00
2026-11-15T23:33:45+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
বিজনেস
ইউরোপের বাজারে পোশাক রফতানিতে বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ পিএম 
এআই নির্মিত ছবি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০২৬ সালের প্রথম ৯ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রফতানি ১১ দশমিক ৯১ শতাংশ কমে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোতে নেমেছে। ইইউর শীর্ষ ১১ পোশাক সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশের রফতানি কমেছে সবচেয়ে বেশি। ইউরোস্ট্যাটের (ইইউর ২৭ দেশের এইচএস কোড ৬১ ও ৬২-এর আওতাভুক্ত পোশাক আমদানির পরিসংখ্যান) তথ্যের আলোকে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) সংকলিত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

এদিকে পোশাক আমদানিতে ২০২৬ সালের প্রথম ৯ মাসে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। তবে বছরের শুরুতে আমদানিতে যে বড় ধরনের পতন ছিল, সময়ের সঙ্গে তা অনেকটাই কমে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলের মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৬ শতাংশ কমে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে আমদানির পরিমাণ কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ দশমিক ৯৯ মিলিয়ন কেজিতে। অন্যদিকে প্রতি কেজি পোশাকের গড় আমদানিমূল্য শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে হয়েছে ১৯ দশমিক ৫৯ ইউরো।

বাংলাদেশের রফতানি কমেছে ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো : ইইউর বাজারে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করলে পরিস্থিতির উদ্বেগজনক দিকটি আরও স্পষ্ট হয়। জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানির মূল্য কমেছে ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে ইইউর পুরো পোশাক আমদানি বাজারের মোট পতনের পরিমাণ ছিল ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরো। অর্থাৎ বাংলাদেশের একক রফতানি মূল্য হ্রাসের পরিমাণ পুরো ইইউ বাজারের নিট আমদানি হ্রাসের চেয়েও বেশি।

সময়ের ব্যবধান অনুযায়ী বাংলাদেশের রফতানির প্রবৃদ্ধিতেও বড় ওঠানামা দেখা গেছে। জানুয়ারি থেকে এপ্রিল সময়ে বাংলাদেশের রফতানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে থেকে আগস্ট সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২৫ শতাংশ কম ছিল।

কিন্তু সেপ্টেম্বর মাসে আবারও পতনের গতি বেড়ে যায়। এ মাসে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানি কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ, যা ইইউর সামগ্রিক বাজারের ২ দশমিক ৭২ শতাংশ পতনের তুলনায় তিনগুণেরও বেশি। বিশ্লেষণ অনুযায়ী সেপ্টেম্বর মাসে ইইউর পোশাক আমদানিতে মোট যে পতন হয়েছে, তার প্রায় ৬৯ শতাংশের জন্য দায়ী ছিল বাংলাদেশ থেকে আমদানি কমে যাওয়া।

রফতানি কমার পাশাপাশি কমেছে পণ্যের গড় মূল্য : বাংলাদেশের রফতানি আয়ের পতনের পেছনে শুধু রফতানির পরিমাণ কমে যাওয়াই দায়ী নয়; প্রতি কেজি পোশাকের গড় মূল্য হ্রাসও বড় ভূমিকা রেখেছে। জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানির পরিমাণ বা ভলিউম কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে প্রতি কেজি পোশাকের গড় রফতানি মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। ফলে ইউনিট প্রাইস দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ ইউরোতে।

অন্যদিকে ইইউর সামগ্রিক পোশাক আমদানির গড় ইউনিট প্রাইস ছিল ১৯ দশমিক ৫৯ ইউরো। অর্থাৎ বাংলাদেশের পোশাকের গড় আমদানিমূল্য ইইউর সামগ্রিক গড়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের রফতানি আয়ের যে পরিমাণ মূল্য কমেছে, তার সামান্য অর্ধেকেরও বেশি এসেছে ইউনিট প্রাইস হ্রাসের কারণে। বাকি অংশের সঙ্গে রফতানির পরিমাণ কমে যাওয়ার সম্পর্ক রয়েছে।

এর ফলে ইইউর বাজারে বাংলাদেশের পোশাকের বাজার হিস্যা বা মার্কেট শেয়ারও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ২১ দশমিক ১০ শতাংশ। ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক শূন্য ৬ শতাংশে।

চীনের রফতানি বেড়েছে মূল্য ও পরিমাণ— দুই ক্ষেত্রেই : ইইউর শীর্ষ পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীন ছিল একমাত্র বড় সরবরাহকারী, যার রফতানি মূল্য ও পরিমাণ— উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে।

আলোচ্য সময়ে চীনের পোশাক রফতানি ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এর ফলে ইইউর বাজারে চীনের অংশীদারিত্ব ৩২ দশমিক শূন্য ২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বর মাসেও চীনের রফতানি ২ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ একই মাসে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ বাজারের সামগ্রিক নেতিবাচক প্রবণতার মধ্যেও চীন প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।

ভিয়েতনামের প্রবৃদ্ধিতে মূল্যবৃদ্ধির ভূমিকা : ভিয়েতনামের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। দেশটির পোশাক রফতানির মূল্য ৪ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেলেও রফতানির পরিমাণ কমেছে ৩ দশমিক ৫৫ শতাংশ। এর প্রধান কারণ ছিল প্রতি কেজি পোশাকের গড় রফতানি মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি। অর্থাৎ রফতানির পরিমাণ কমলেও পণ্যের ইউনিট প্রাইস বাড়ার কারণে মোট রফতানি আয় বৃদ্ধি পেয়েছে।

একইভাবে কম্বোডিয়াও প্রতি কেজি পোশাকের গড় মূল্য ৮ দশমিক ৪২ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। এ চিত্র থেকে বোঝা যায়, আন্তর্জাতিক পোশাক বাণিজ্যে শুধু রফতানির পরিমাণ নয়, পণ্যের মূল্য ও পণ্যসম্ভারের অবস্থানও মোট রফতানি আয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

পাকিস্তানের রফতানিতে পরিমাণ বাড়লেও কমেছে আয় : পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে, রফতানির পরিমাণ ১ দশমিক ২২ শতাংশ বাড়লেও রফতানি মূল্য কমেছে। কারণ দেশটির প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১১ দশমিক ৩৭ শতাংশ কমে ১০ দশমিক ৯০ ইউরোতে দাঁড়িয়েছে।

এটি ইইউর প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন ইউনিট প্রাইস। অর্থাৎ বেশি পরিমাণে পণ্য রফতানি করেও কম ইউনিট মূল্যের কারণে পাকিস্তানের রফতানি আয়ে ইতিবাচক ফল আসেনি।

অন্যদিকে ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া— এই পাঁচটি দেশের ইইউতে পোশাক রফতানি মূল্য ৮ দশমিক ৮ থেকে ১০ দশমিক ৭ শতাংশের মধ্যে কমেছে।

বাংলাদেশের জন্য বাজার ও মূল্য কৌশল পুনর্মূল্যায়নের প্রয়োজন : ইইউর পোশাক আমদানির সামগ্রিক চিত্র এবং প্রধান সরবরাহকারী দেশগুলোর পারফরম্যান্স বিশ্লেষণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। প্রথমত ইউরোপীয় বাজারে সামগ্রিক আমদানি কমলেও মে-আগস্ট সময়ে ৩ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি বাজারের চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। 


তবে সেপ্টেম্বরের পতন দেখিয়েছে, বাজারের পুনরুদ্ধার এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। দ্বিতীয়ত বাংলাদেশের রফতানি পতন ইইউর সামগ্রিক বাজার সংকোচনের তুলনায় অনেক বেশি। বিশেষ করে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ৯ দশমিক ৪৯ শতাংশ পতন এবং বাজারের ২ দশমিক ৭২ শতাংশ পতনের ব্যবধান উদ্বেগজনক। তৃতীয়ত বাংলাদেশের রফতানি আয়ের পতনে ইউনিট প্রাইস হ্রাসের বড় ভূমিকা রয়েছে। যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়া তাদের পণ্যের গড় মূল্য বাড়িয়েছে, সেখানে বাংলাদেশের ইউনিট প্রাইস কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। 

ফলে মূল্য সংযোজন, পণ্যের বৈচিত্র্য এবং তুলনামূলক বেশি মূল্যের পোশাক উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চতুর্থত ইইউর বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ২১ দশমিক ১০ শতাংশ থেকে কমে ১৯ দশমিক শূন্য ৬ শতাংশে নেমে আসা প্রতিযোগিতামূলক অবস্থানের পরিবর্তন নির্দেশ করছে। একই সময়ে চীনের বাজার হিস্যা বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

সামগ্রিকভাবে ইউরোপীয় ইউনিয়নের পোশাক বাজারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেবল চাহিদা হ্রাসের ফল নয়; রফতানির পরিমাণ, ইউনিট প্রাইস এবং প্রতিযোগী দেশগুলোর বাজার কৌশল— সবকিছুর সম্মিলিত প্রভাব এতে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের পোশাক খাতের জন্য তাই বাজার ধরে রাখার পাশাপাশি পণ্যের মূল্য সংযোজন, বৈচিত্র্য ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ইউরোপ  বাজার  পোশাক রফতানি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: