বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীতআন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান ধরে রাখতে হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবর্তিত নীতিমালা ও নতুন বাণিজ্যিক শর্ত পূরণে প্রস্তুতি নিতে হবে। এ জন্য দেশের পোশাক কারখানাগুলোকে উৎপাদন সক্ষমতার পাশাপাশি শ্রম অধিকার, কর্মপরিবেশ, পরিবেশ সুরক্ষা ও সরবরাহ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
এমন তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রত্যাশা পূরণে কারখানাগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জরুরি। রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এখন শুধু পণ্যের গুণগত মান বা উৎপাদন সক্ষমতা দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। ক্রেতারা নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের প্রতি ন্যায্য আচরণ, প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতাকেও গুরুত্ব দিচ্ছেন।
বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক কারখানাগুলোকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। কমপ্লায়েন্সকে আলাদা কোনো আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে ব্যবসা ও রফতানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র ও তৈরি পোশাক খাতের অবদানের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। একই সঙ্গে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এই শিল্পে, যার বড় একটি অংশ নারী শ্রমিক।
তবে এ পর্যন্ত অর্জিত সাফল্যকে চূড়ান্ত অর্জন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। বিদ্যমান ভিত্তিকে কাজে লাগিয়ে শিল্পের সক্ষমতা আরও বাড়াতে হবে।
এদিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির বিষয়টিও পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, সেটি কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিদ্যমান বাণিজ্যিক সুবিধা ধরে রাখার পাশাপাশি নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে পোশাক ও বস্ত্র কারখানায় উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের আওতায় কারখানার নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি তুলে ধরা হয়।
প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো কারখানায় পানি, জ্বালানি ও রাসায়নিকের ব্যবহার আরও দক্ষ ও দায়িত্বশীল করা। নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় অপচয় কমানো এবং পরিচ্ছন্ন ও ন্যায্য উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি প্রকল্প যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ প্রকল্প।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট।
সময়ের আলো/প্রিন্ট/জেডি