প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৬:৪০ পিএম
আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। ছবি : সংগৃহীত আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ শুল্ক কমেছে ২০ শতাংশ পয়েন্ট বা আগের তুলনায় ৮০ শতাংশ। এ সুবিধা আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
অন্যদিকে, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। এতে করভার কমেছে ৬০ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট বা প্রায় ৪৯ দশমিক ৯ শতাংশ।
সময়ের আলো/কেএইচও