ছবি : সময়ের আলোআন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী আজ রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রফতানিমুখী পোশাক শিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়েছে, কাজ ফেলে যদি আন্দোলন চলতেই থাকে তা হলে শ্রম আইনের ১৩-এর ১ ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হবে। এই ধারায় যতদিন কারখানা বন্ধ থাকবে শ্রমিকরা ততদিন বেতন পাবেন না।
অর্থাৎ ‘নো ওয়ার্ক নো পে’ পন্থা বা নীতিতে চলে যাবেন মালিকরা। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।
মাহমুদ হাসান খান বলেন, সাম্প্রতিক পোশাক খাতে নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করে একটি মহল এ শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্প প্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার মালিকরা একটি কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো শ্রম আইন অনুযায়ী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।
শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।’ শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে জানিয়ে মাহমুদ হাসান খান বলেন, সিংহভাগ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান।
তবে কিছু বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরা কাজ করছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কারখানার ভেতরে এমন ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যার ফলে কর্মীরা বাধ্য হয়ে কাজ বন্ধ করে বেরিয়ে যাচ্ছেন।
শুধু তা-ই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন। ওই কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে আনছেন। এতে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
শ্রমিক সংগঠনগুলোর কঠোর সমালোচনা করে মাহমুদ হাসান বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের বা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তবে অত্যন্ত দুঃখের বিষয়, এ সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকর হয়নি। মাঠপর্যায়ের অনেক নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এতে সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএর শনিবারের জরুরি সভায় দেড় হাজারেরও বেশি কারখানার মালিক অংশ নিয়ে জানিয়েছেন, কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ চলতে থাকলে একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তারা আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবেন।
তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে। যদি আন্দোলনের কারণ মজুরি-সংক্রান্ত দাবি হয়ে থাকে, তা হলে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিক আন্দোলন ও কারখানা ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই যৌক্তিক নয়।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এ ক্রান্তিকালে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাইকে মিলেই এ খাত টিকিয়ে রাখতে হবে।
৫৫ কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত আরও ৯২টিতে : সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতায় দেশের তৈরি পোশাক শিল্পের সংকট আরও অস্থিতিশীল হচ্ছে। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হলে উৎপাদন চালাতে না পারা কারখানাগুলোও বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
এমন অস্থিরতার মধ্যেই শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত চারটি গ্রেডে মজুরির প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে মালিকপক্ষ আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় লিখিত প্রস্তাব জমা দেবে। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ফলে নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, কারখানার আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার বিষয়গুলো সামনে এসেছে।
অর্থনীতিবিদ ও শ্রম বিশেষজ্ঞদের মতে, শুধু মজুরির অঙ্ক বাড়ানো কিংবা মালিকদের সক্ষমতার যুক্তিতে সিদ্ধান্ত আটকে রাখলে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। শ্রমিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদনশীলতা, পণ্যের ন্যায্য মূল্য এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দরকষাকষির সক্ষমতা বাড়াতে হবে। দীর্ঘদিন ধরে কম মজুরিকে প্রতিযোগিতার শক্তি হিসেবে দেখার যে প্রবণতা রয়েছে, তা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তাও তুলে ধরছেন তারা।
উৎপাদন বন্ধ, শ্রমিকের আয়েও অনিশ্চয়তা : বিজিএমইএ সভাপতি জানান, ৫৫টি কারখানা ইতিমধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। সব মিলিয়ে ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদনে নেই।
মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নিজেরা কাজে যোগ দিচ্ছেন না, অন্য শ্রমিকদেরও কাজে যেতে বাধা দিচ্ছেন। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। এতে কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি তাদের।
মাহমুদ হাসান খান বলেন, অধিকাংশ শ্রমিক শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী। কিন্তু একটি মহল শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে উৎপাদন ও রফতানি কার্যক্রম হুমকির মুখে পড়ছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারায় কারখানা বন্ধ থাকলে বন্ধের সময়ের জন্য শ্রমিকরা মজুরি পান না। ফলে উৎপাদন বন্ধের পাশাপাশি শ্রমিকদের আয় নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শ্রমিক সংগঠনের নেতাদের আশঙ্কা, এই ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত শ্রমিকদের ক্ষোভ আরও বাড়াতে পারে।
তাদের মতে শ্রমিকদের অভিযোগ, বকেয়া মজুরি, অতিরিক্ত কাজের চাপ এবং কারখানার ব্যবস্থাপনার সঙ্গে শ্রমিকদের সম্পর্কের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
আগামীকাল মালিকপক্ষের মজুরি প্রস্তাব : শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভায় মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন লিখিত মজুরি প্রস্তাব জমা দেবেন।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে চারটি গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মাসিক মজুরির সুপারিশ করা হয়। গ্রেড অনুযায়ী প্রস্তাবিত মজুরি প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা।
শ্রমিকদের রাজপথের আন্দোলনে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি উঠলেও মজুরি বোর্ডে জমা দেওয়া লিখিত প্রস্তাবে সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা চাওয়া হয়েছে। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাবের কথাও জানিয়েছে শ্রমিকপক্ষ।
তিন বছরে কমেছে প্রকৃত মজুরি : বর্তমান মজুরি কাঠামো কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। তখন পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। কিন্তু এরপর খাদ্য, বাসাভাড়া, পরিবহন ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় এই মজুরির প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভোক্তা মূল্যসূচক অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মূল্যসূচক বেড়েছে ২৮ দশমিক ৭ শতাংশ। ফলে ২০২৩ সালের নভেম্বরে ১২ হাজার ৫০০ টাকায় যে পরিমাণ পণ্য ও সেবা কেনা যেত, একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন প্রায় ১৬ হাজার ৮৭ টাকা। অর্থাৎ তিন বছরে শুধু মূল্যস্ফীতির হিসাবেই শ্রমিকদের নিম্নতম মজুরির প্রকৃত মূল্য কমেছে। অন্যদিকে পোশাক রফতানির আয় আসে ডলারে। ফলে টাকার অবমূল্যায়নে রফতানিকারকরা ডলারপ্রতি বেশি টাকা পান, কিন্তু শ্রমিকের মজুরি একই হারে সমন্বয় হয়নি।
জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা-দুটিই দেখতে হবে : অর্থনীতিবিদ ড. মাহফুজ কবিরের মতে, বর্তমান বাজারদরে ১২ হাজার ৫০০ টাকা মজুরিতে একজন শ্রমিকের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন। চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় নিলে বর্তমান মজুরি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু শ্রমিকদের দাবি কিংবা শুধু মালিকদের আর্থিক সক্ষমতার যুক্তি বিবেচনা করলে চলবে না। শ্রমিকের নিম্নতম জীবনমান নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন ও ব্যবসায়িক সক্ষমতাও হিসাবের মধ্যে নিতে হবে।
ড. মাহফুজ কবির মনে করেন, মজুরি নির্ধারণে আবেগ বা একপক্ষের দাবি নয়, বরং তথ্যভিত্তিক আলোচনা জরুরি। মূল্যস্ফীতি, বাজারদর, শ্রমিক পরিবারের ব্যয়, শিল্পের উৎপাদন সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার, মালিক ও শ্রমিক— এই তিন পক্ষকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।
চার দশকে মজুরি বৃদ্ধি হয়েছে, জীবনযাত্রার চাপও বেড়েছে : পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের ইতিহাসে প্রায় একই ধরনের চিত্র দেখা যায়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরির দাবি, মালিকপক্ষের আর্থিক সক্ষমতার যুক্তি, আন্দোলন ও অস্থিরতার পর সরকারের হস্তক্ষেপে নতুন মজুরি কাঠামো নির্ধারণ— প্রতিটি পর্যায়েই এই প্রবণতা ফিরে এসেছে।
১৯৮৪ সালে পোশাকশ্রমিকদের প্রথম মজুরি কাঠামোতে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা বাড়িয়ে ৯৩০ টাকা করা হয়। ২০০৬ সালে সর্বনিম্ন মজুরি দাঁড়ায় ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। ২০১০ সালে তা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়।
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর শ্রম পরিস্থিতি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে আসে। দীর্ঘ আন্দোলনের পর সর্বনিম্ন মজুরি ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়। শ্রমিকপক্ষের দাবি ছিল ৮ হাজার ১১৪ টাকা। মালিকপক্ষ প্রথমে ৩ হাজার ৬০০ টাকা এবং পরে ৪ হাজার ৫০০ টাকার প্রস্তাব দিয়েছিল।
২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল প্রায় ১৬ হাজার টাকা। মালিকপক্ষের প্রস্তাব ছিল ৬ হাজার ৩৬০ টাকা। নতুন কাঠামো ঘোষণার পর গ্রেডভিত্তিক মজুরির ব্যবধান নিয়ে অসন্তোষ তৈরি হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের জানুয়ারিতে কয়েকটি উচ্চ গ্রেডের মজুরি সংশোধন করা হয়।
সর্বশেষ ২০২৩ সালে সর্বনিম্ন মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। শ্রমিক সংগঠনগুলো তখন ২৩ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত মজুরির দাবি তুলেছিল। কিন্তু চূড়ান্ত কাঠামোয় সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা।
অর্থাৎ তিন দশকেরও বেশি সময়ে নামমাত্র মজুরি অনেক বেড়েছে। কিন্তু মূল্যস্ফীতি, টাকার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় কতটা বেড়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে