বন্ড সুবিধার আড়ালে ১ কোটি ৭১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রফতানির কথা থাকলেও সেই ঘোষণার আড়ালে স্থানীয়ভাবে সংগ্রহ করা ভিন্ন

2026-11-14T23:24:59+00:00
2026-11-14T23:24:59+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিজনেস
বন্ড সুবিধার আড়ালে ১ কোটি ৭১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম 
বন্ড সুবিধার আড়ালে ১ কোটি ৭১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা । ছবি : সংগৃহীত
বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রফতানির কথা থাকলেও সেই ঘোষণার আড়ালে স্থানীয়ভাবে সংগ্রহ করা ভিন্ন পণ্য বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে একটি রফতানি চালান পরীক্ষার সময় এমন অনিয়মের ঘটনা ধরা পড়েছে। এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেডের অফডকে গত ১২ নভেম্বর রাতে অভিযান চালিয়ে নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের রফতানির জন্য প্রস্তুত করা একটি চালান আটক করেন কাস্টমস কর্মকর্তারা। চালানটিতে সর্টেড কপার থাকার ঘোষণা দেওয়া হলেও পণ্য পরীক্ষা করে পাওয়া যায় জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ। শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের চালানটি জাপানে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। রফতানি নথিতে পণ্য হিসেবে উল্লেখ করা হয় সর্টেড কপার। এর ঘোষিত রফতানি মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।

গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এবং অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ পণ্য কায়িক পরীক্ষা করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় নথিতে উল্লেখ করা পণ্যের সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের কোনো মিল পাওয়া যায়নি। সর্টেড কপারের পরিবর্তে চালানটিতে ১০ পিস জাহাজের প্রপেলার স্ক্র্যাপ ছিল।

প্রাথমিক অনুসন্ধানে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করে থাকে। এসব আমদানি করা কাঁচামাল ব্যবহার করে সর্টেড কপার উৎপাদন এবং তা বিদেশে রফতানির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই পণ্যের পরিবর্তে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা জাহাজের প্রপেলার স্ক্র্যাপ রফতানির উদ্যোগ নেওয়া হয়।


বন্ড সুবিধার মূল উদ্দেশ্য হলো রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ দেওয়া। তবে আমদানি করা কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রফতানি কার্যক্রমে ব্যবহার না করে অন্য উৎসের পণ্য রফতানির চেষ্টা করা হলে এ সুবিধার অপব্যবহারের প্রশ্ন ওঠে। নিয়ালকো অ্যালয়েসের চালানে প্রাথমিকভাবে এমন অনিয়মেরই আলামত পেয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস হাউসের হিসাবে, এ ঘটনায় সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ক্ষতির বিষয়টি সামনে এসেছে। ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিস্তারিত যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। পাশাপাশি রাজস্ব ফাঁকির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রয়োজনীয় প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   বন্ড  সুবিধা  আড়াল  ১ কোটি ৭১ লাখ টাকা  রাজস্ব  ফাঁকি  চেষ্টা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: