পোশাকের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে । ছবি : সংগৃহীত বাংলাদেশের পোশাক শিল্পের ওপর বিদেশি ক্রেতাদের সব সময় আস্থা থাকে। ৪০ বছর ধরে এই আস্থা গড়ে উঠেছে। ক্রেতারা জানতেন, বাংলাদেশ সময়মতো পণ্য দেবে, কম দামে দেবে, ভালো মানের দেবে। কিন্তু গত কয়েক সপ্তাহে সেই আস্থায় বড় চিড় ধরেছে। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, শত শত কারখানা বন্ধ, সড়ক অবরোধ, ভাঙচুর— এসব দেখে বিদেশি ক্রেতারা এখন চরম উদ্বিগ্ন। তারা বলছেন, বাংলাদেশের বাজারে আমাদের আস্থা আছে, কিন্তু আমাদের দোকান তো খালি রাখতে পারব না। তাই তারা বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নিচ্ছেন ভারত, ভিয়েতনাম, পাকিস্তান, শ্রীলঙ্কায়। বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে বড় বড় অনেক বায়ারের অর্ডার বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে গেছে।
সুইডেনভিত্তিক বিশ্বের অন্যতম বড় ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম ইতিমধ্যেই আগামী দুই মাসের অর্ডার কমানোর চিন্তা করছে। তাদের বাংলাদেশ অফিস থেকে মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে, ‘আগে পরিস্থিতি স্থিতিশীল করো, তারপর অর্ডার দেব’। জার্মানির একটি বড় ব্র্যান্ডের ক্রেতা প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বাংলাদেশ থেকে গত ১৫ বছর ধরে তৈরি পোশাক ক্রয় করি, কিন্তু গত ২৯ অক্টোবর থেকে আমাদের ১২টি শিপমেন্ট আটকে গেছে। কারখানা বন্ধ,সময়মতো পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। আমাদের দোকানে ক্রিসমাসের পোশাক পৌঁছাতে হবে। আমরা অপেক্ষা করতে পারব না। তাই আমরা ভিয়েতনামে অর্ডার দিয়েছি।
আমেরিকার একটি ক্রেতা প্রতিষ্ঠানও বলেছে, বাংলাদেশ এখন অনিশ্চিত গন্তব্য। আমরা আমাদের সোর্সিং টিমকে বলেছি, বাংলাদেশের ওপর নির্ভরতা ৩০ শতাংশ কমিয়ে আনতে। ক্রেতা প্রতিষ্ঠানগুলোর এই বক্তব্যগুলোই প্রমাণ করে, ক্রেতারা এখন শুধু উদ্বিগ্ন নয়, তারা বিকল্প খুঁজছেন। আর একবার বিকল্প খুঁজে পেলে, তারা আর ফিরে আসেন না।
কেন ক্রেতারা চলে যাচ্ছেন : বিদেশি ক্রেতাদের চলে যাওয়ার পেছনে তিনটি মূল কারণ আছে। প্রথম কারণ— সময়মতো পণ্য ডেলিভারি না পাওয়া। পোশাক ব্যবসায় সময়ই সবকিছু। ক্রিসমাসের পোশাক যদি জানুয়ারিতে আসে, তা হলে তার কোনো দাম নেই। শীতের জ্যাকেট যদি গরমকালে আসে, তা হলে তা কেউ কিনবে না। গত ২৯ অক্টোবর থেকে গাজীপুর, আশুলিয়া, সাভারে কারখানা বন্ধ থাকায় শত শত শিপমেন্ট আটকে গেছে। একদিনে ৬৭৯ থেকে ৬৯০টি কারখানা বন্ধ ছিল।
দ্বিতীয় কারণ— ভাবমূর্তি নষ্ট হওয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগের ছবি দেখানো হচ্ছে। ইউরোপের ক্রেতারা দেখছে, বাংলাদেশে শ্রমিকরা রাস্তায় আগুন জ্বালাচ্ছে। এতে তারা ভাবছে, বাংলাদেশে ব্যবসা করা নিরাপদ নয়। ব্রিটিশ ক্রেতা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, আমাদের গ্রাহকরা জিজ্ঞেস করে, তোমরা কি শিশু শ্রম দিয়ে জামা বানাও? তোমাদের কারখানায় কি আগুন লাগে? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।
তৃতীয় কারণ— পোশাকের দাম। বাংলাদেশ এখন ইউরোপে দ্বিতীয় সর্বনিম্ন দামে পোশাক বিক্রি করছে। প্রতি কেজি পোশাকের গড় দাম ১৩.৭৬ ইউরো, যেখানে বৈশ্বিক গড় দাম ১৯.৮৪ ইউরো। ক্রেতারা বলছে, বাংলাদেশের পোশাকের দাম কম, কিন্তু সময়মতো পণ্য দিতে পারছে না। ভিয়েতনামে দাম একটু বেশি, কিন্তু তারা সময়মতো পণ্য দেয়। তাই আমরা ভিয়েতনামকেই বেছে নিচ্ছি।
পোশাকের অর্ডার কোথায় যাচ্ছে : বাংলাদেশের চলমান সংকটে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত ও ভিয়েতনাম। ভারতের তামিলনাড়ুর তিরুপুর অঞ্চলে মাত্র দুই সপ্তাহে নতুন অর্ডারের প্রবাহ ৪৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তিরুপুরকে বলা হয় ভারতের নিটওয়্যার রাজধানী। সেখানকার কারখানা মালিকরা বলছেন, বাংলাদেশ থেকে আসা ক্রেতারা এখন তাদের কাছে আসছে। তারা বলছে, বাংলাদেশে সমস্যা, তোমরা কি আমাদের অর্ডার নিতে পারবে? উত্তর প্রদেশের নয়ডাতেও একই চিত্র। সেখানকার পোশাক কারখানাগুলোতে নতুন অর্ডার এসেছে। ভারত সরকারও এই সুযোগ কাজে লাগাচ্ছে। তারা রফতানিতে প্রণোদনা বাড়িয়েছে। ভিয়েতনামও পিছিয়ে নেই। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-আগস্টে ভিয়েতনামের রফতানি ৪.৪৬ শতাংশ বেড়ে ২.৯৯ বিলিয়ন ইউরোতে উঠেছে। একই সময়ে বাংলাদেশের রফতানি ১১.৬৭ শতাংশ কমে ১১.৯৩ বিলিয়ন ইউরোতে নেমেছে। অর্থাৎ বাংলাদেশে কমছে, ভিয়েতনামে বাড়ছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাও কিছু অর্ডার পাচ্ছে। পাকিস্তানে ডেনিম ও শ্রীলঙ্কায় অন্তর্বাসের অর্ডার বেড়েছে।
ক্ষতির হিসাবটাও বড় : বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে সরাসরি ক্ষতি হয়েছে প্রায় ১৪ কোটি ডলারের বেশি। কিন্তু আসল ক্ষতি আরও বড়। কারণ একটা অর্ডার বাতিল হলে শুধু সেই অর্ডারের টাকাই যায় না, ভবিষ্যতের অর্ডারও যায়। নাম প্রকাশ না করার শর্তে এক পোশাক শিল্প মালিক বলেন, ‘আমার একজন জার্মান ক্রেতা ১০ বছর ধরে আমার কাছ থেকে পোশাক নিত। গত সপ্তাহে সে ফোন করে বলল এবারের অর্ডারটা আমি ভিয়েতনামকে দিয়ে দিয়েছি। তুমি পরিস্থিতি ঠিক করো, তারপর দেখব।’ এই ‘তারপর দেখব’ মানে হয়তো আর কখনোই অর্ডার পাব না।
আরেকজন মালিক বলেন, ‘আমার কারখানায় ৫০০ শ্রমিক কাজ করে। অর্ডার না থাকলে আমি তাদের বেতন দেব কীভাবে? আমি কি কারখানা বন্ধ করে দেব?’ এই অবস্থায় অনেক ছোট কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। বাংলাদেশে ছোট-বড় মিলে প্রায় ৪ হাজারের মতো পোশাক কারখানা আছে। এর মধ্যে ১ হাজারটি ছোট কারখানা। এই ছোট কারখানাগুলো এক মাস অর্ডার না পেলেই বন্ধ হয়ে যাবে।
শ্রমিকদের ওপর প্রভাব : বাংলাদেশের বাজার থেকে তৈরি পোশাকের অর্ডার চলে যাওয়ার সবচেয়ে বড় শিকার হবেন শ্রমিকরাই। যারা ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন, তারাই এখন চাকরি হারানোর ভয়ে আছেন। রাজধানীর মিরপুরের একটি গার্মেন্টস কারখানার শ্রমিক রিনা বেগম বলেন, ‘আমরা ৩০ হাজার টাকা চেয়েছিলাম, এখন মনে হচ্ছে চাকরিটাই থাকবে কি না। আমাদের কারখানায় গত সপ্তাহ থেকে ওভারটাইম বন্ধ। মালিক বলছে, অর্ডার নেই।’ আরেকজন শ্রমিক বলেন, ‘আমরা যদি জানতাম আন্দোলন করলে অর্ডার চলে যাবে, তা হলে হয়তো আন্দোলন করতাম না। কিন্তু আমাদেরও তো সংসার চালাতে হয়। ১২ হাজার ৫০০ টাকায় সংসার চলে না।’ এই দ্বিমুখী সংকটে শ্রমিকরা পড়েছেন।
মালিকরা কী বলছেন : নতুন মজুরি ও চলমান পরিস্থিতি নিয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘তিন বছরের মাথায় সরকার মজুরি বোর্ড গঠন করে দিয়েছে। মজুরি বোর্ডের দুটি বৈঠকও ইতিমধ্যে হয়ে গেছে। অর্থাৎ মজুরি নিয়ে আলোচনা চলছে। তা হলে যখন মজুরি নির্ধারণের কাজ চলমান তখন কেন আন্দোলন হবে। মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। এই পরিস্থিতিতে আমরা গত বুধবার জরুরি সভায় বসেছিলাম। শিল্প মালিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতির উন্নতি না হলে আমরা কঠোর অবস্থানে যাব। আগামী শনিবার (আজ) আমরা জরুরি সাধারণ সভায় বসব। সেখানে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় আমরা যাব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না। এই সভায় আমরা সিদ্ধান্ত নেব মজুরি প্রস্তাব কত দেব। তবে আমরা মজুরি প্রস্তাব দিলেও বোর্ডের আলোচনায় অংশ নেব না। কারণ আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?’
তিনি আরও বলেন, ‘চলমান শ্রমিক আন্দোলন ও শিল্পের অস্থিরতায় বিদেশি ক্রেতারা আমাদের কাছে উদ্বেগ জানাচ্ছেন। আমরা ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছি, পরিস্থিতি শিগগিরই ঠিক হয়ে যাবে। তারপরও তারা আমাদের কথা শুনতে চাইছে না। অনেক ক্রেতা অর্ডার অন্য দেশে সরাচ্ছে। এভাবে চলতে থাকলে ক্রেতাদের উদ্বেগ আরও বেড়ে যাবে।’
মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন চৌধুরী এ বিষয়ে সময়ের আলোকে বলেন, ‘শনিবার (আজ) বিজিএমইএর জরুরি সভা ডাকা হয়েছে। এখানে সদস্য কারখানা মালিকদের মতামত নেওয়া হবে। সবার মতামতের ভিত্তিতে আমরা একটা মজুরি প্রস্তাব চূড়ান্ত করে মজুরি বোর্ডে জমা দেব। আমাদের প্রস্তাব কত হবে সেটি এখনই বলা যাচ্ছে না, সবার মতামতের ভিত্তিতেই এটি ঠিক করা হবে।’
তিনি আরও বলেন, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে শ্রমিক আন্দোলনের নামে যা হচ্ছে তা মোটেই কাম্য নয়। এই অহেতুক আন্দোলনে শিল্প মালিক হিসেবে আমরা যেমন উদ্বিগ্ন, তেমনি আমাদের বিদেশি ক্রেতারাও অনেক উদ্বিগ্ন। বিদেশি অনেক ক্রেতা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশে নিয়ে গেছে। কারণ এখন পুরোদমে বায়িং সিজন চলছে। সামনে ক্রিসমাস ডে। বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় উৎসবের মৌসুম। এই সময়ে কারখানাগুলোতেও পুরোদমে কাজ চলে। শ্রমিক আন্দোলনের কারণে অনেক কারখানা মালিক সময়মতো পণ্য পাঠাতে পারছে না। সময়মতো পণ্য না পেলে তো ক্রেতারা উদ্বিগ্ন হবেই। এ কারণেই তারা রফতানি আদেশ সরিয়ে নিচ্ছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছোট ও মাঝারি কারখানার মালিকরা।’
এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে এখনই তিনটি কাজ করতে হবে। প্রথম মজুরি বোর্ডের সিদ্ধান্ত দ্রুত জানাতে হবে। মজুরি ১৮ হাজার হোক বা ২০ হাজার হোক, একটা সংখ্যা জানাতে হবে। এই অনিশ্চয়তা ক্রেতাদের আরও ভয় পাইয়ে দিচ্ছে। দ্বিতীয়ত ক্রেতাদের আশ্বস্ত করতে হবে। সরকারকে বিদেশি দূতাবাসের মাধ্যমে ক্রেতাদের জানাতে হবে, বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল। কারখানাগুলো আবার চালু হয়েছে। তৃতীয় আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে। ভাঙচুর, অগ্নিসংযোগ বন্ধ করতে হবে। না হলে ক্রেতারা ফিরবে না।
এ বিষয়ে অর্থনীতিবিদ ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাংলাদেশের পোশাক শিল্প ৪০ বছরে যা অর্জন করেছে তা নষ্ট হতে দেওয়া ঠিক হবে না। ক্রেতাদের আস্থা একবার গেলে তা ফিরিয়ে আনতে ১০ বছর লাগে। এখন সময় এসেছে মালিক-শ্রমিক-সরকার সবাই এক টেবিলে বসুক। শ্রমিকরা মজুরি পাক, মালিকরা অর্ডার পাক, দেশ রফতানি আয় পাক। না হলে একদিন দেখা যাবে বাংলাদেশের কারখানাগুলো বন্ধ, শ্রমিকরা বেকার, আর ক্রেতারা ভিয়েতনামে বসে বাংলাদেশের জামা পরছে না, ভিয়েতনামের জামা পরছে। সেই দিনটা যাতে না আসে তার জন্য আজই সমাধান দরকার।’
সব পক্ষই চাচ্ছে দ্রুত সমাধান : এই চলমান সংকটের অবসান দ্রুতই চাচ্ছেন মালিক, সাধারণ শ্রমিক এবং শ্রমিক নেতারা। প্রকৃত শ্রমিকরা আন্দোলনের নামে ভাঙচুরে বিশ্বাসী না। তারা চান ঠিকমতো কারখানায় কাজ করতে এবং মাস শেষে সময়মতো মজুরি পেতে। একই সঙ্গে নতুন মজুরি যেন তাদের চাহিদামতো বাড়ানো হয়। সব পক্ষই যেখানে দ্রুত সমাধান চাচ্ছে— তা হলে শ্রমিক অসন্তোষ থামছে না কেন?
এ বিষয়ে শ্রমিক নেতারা এবং শিল্প মালিকরা মনে করছেন তৃতীয় পক্ষের ইন্ধনেই থামছে না শ্রমিক আন্দোলন। শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক ইন্ধনে কারখানায় হামলা চালানো হচ্ছে। এ বিষয়ে শ্রমিক নেতা তৌহিদুর রহমান সময়ের আলোকে বলেন, ‘প্রকৃত শ্রমিরা চায় না তাদের কর্মস্থল ক্ষতিগ্রস্ত হোক। আমরাও চাই না শিল্প ক্ষতিগ্রস্ত হোক, কারখানায় ভাঙচুর হোক। কারণ শিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় শ্রমিকদের। তারা কর্মহীন হয়ে পড়ে। আমরাও মনে করি তৃতীয় পক্ষের ইন্ধনেই এখন আন্দোলন হচ্ছে। সরকারের উচিত দ্রুত এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে আমাদের চাওয়া, শ্রমিকরাও যেন তাদের বেঁচে থাকার মতো মজুরি পায়।’
৩০ টাকার চাল দেওয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয় : সরকার একদিকে যেমন শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে দিয়েছে, আবার গার্মেন্টস শ্রমিকরা যাতে কম টাকায় চাল কিনতে পারে সে ব্যবস্থাও করে দিয়েছে। এখন থেকে শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে ওএমএসের চাল কিনতে পারবেন। এ জন্য তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যের পেছনে খরচ কমানোর লক্ষ্যে কম দামে শুরু হয়েছে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/এসকে