প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম
স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীতদেশের বাজারে স্বর্ণের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে দাম কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা। সর্বশেষ শুক্রবার প্রতি ভরিতে আরও ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।
বৃহস্পতিবার এ দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। এরপর ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর চার দফায় কমানো হয় দাম।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট হলমার্ক করা রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
সময়ের আলো/প্রিন্ট/এমকে