বড় দরপতনের পথে এনভিডিয়ার শেয়ার, কমেছে ১.৬ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য

আন্তর্জাতিক ডেস্ক

বিজনেস

টানা ছয় সপ্তাহ ধরে দরপতনের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার। এমনটি হলে ২০১২ সালের পর সবচেয়ে দীর্ঘ সাপ্তাহিক

2026-11-13T15:22:17+00:00
2026-11-13T15:22:17+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
বড় দরপতনের পথে এনভিডিয়ার শেয়ার, কমেছে ১.৬ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
ছবি : সংগৃহীত
টানা ছয় সপ্তাহ ধরে দরপতনের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার। এমনটি হলে ২০১২ সালের পর সবচেয়ে দীর্ঘ সাপ্তাহিক দরপতনের রেকর্ড গড়বে কোম্পানিটি। এরই মধ্যে অক্টোবরের শুরু থেকে শেয়ারের দাম কমে এনভিডিয়ার বাজারমূল্য কমেছে প্রায় ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের লেনদেন শেষে চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ। গত ছয় সপ্তাহে কোম্পানিটির বাজারমূল্য কমেছে প্রায় ২৯ শতাংশ। এতে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে অ্যাপলের নিচে নেমে গেছে এনভিডিয়া।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও ৩৩ বছর ধরে নেতৃত্ব দেওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর শেয়ার বিক্রির চাপ আরও বেড়েছে। বৃহস্পতিবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ সামনে আসার পর তিনি দায়িত্ব ছাড়েন। এর একটি সম্পর্কের ক্ষেত্রে চীনা গুপ্তচরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অন্যটি প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুয়াংয়ের পদত্যাগের পর অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। স্থায়ী উত্তরসূরি নিয়োগের জন্য অনুসন্ধান চালাচ্ছে পরিচালনা পর্ষদ।


বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৩ শতাংশ। এর আগে গত সপ্তাহেও শেয়ারটির দাম প্রায় ৯ শতাংশ কমেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো নির্মাণের গতি কমতে পারে—এমন আশঙ্কাও শেয়ারের দরপতনে ভূমিকা রেখেছে।

নির্বাচনের আগে থেকেই এআই খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারে দরপতন চলছিল। সুদের হার বাড়লে ঋণনির্ভর কোম্পানিগুলোর ওপর চাপ বাড়তে পারে, এমন উদ্বেগও ছিল বিনিয়োগকারীদের মধ্যে। এনভিডিয়া নিজে অত্যন্ত লাভজনক হলেও এর বড় গ্রাহকদের মধ্যে থাকা কিছু ক্লাউড সেবা প্রতিষ্ঠান ঋণবাজারের ওপর নির্ভরশীল।

ডি এ ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেন, হুয়াংয়ের চলে যাওয়ার পর আগামী কয়েক মাস এনভিডিয়াকে কঠিন সময় পার করতে হতে পারে। তিনি কোম্পানিটির শেয়ারের লক্ষ্যমাত্রা ৩০০ ডলার থেকে কমিয়ে ২০০ ডলার করেছেন। তবে শেয়ারটির বিষয়ে ‘বাই’ বা কেনার সুপারিশ বহাল রেখেছেন।

আগামী মঙ্গলবার ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে এনভিডিয়া। এলএসইজির তথ্য অনুযায়ী, বিশ্লেষকেরা আশা করছেন, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় ৯১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

তবে ওপেনহাইমারের বিশ্লেষকেরা মনে করছেন, কোম্পানির আর্থিক ফল ভালো হলেও নিকট ভবিষ্যতে শেয়ারবাজারে হুয়াংয়ের পদত্যাগের প্রভাবই বেশি গুরুত্ব পেতে পারে। তাদের মতে, তার চলে যাওয়ার কারণে শেয়ারের ওপর বিক্রির চাপ কিছুদিন থেকে যেতে পারে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   বড় দরপতনের পথে এনভিডিয়ার শেয়ার  কমেছে ১.৬ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: