প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০৮ এএম
ছবি : সংগৃহীত তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন একজন শ্রমিক। আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হচ্ছে।
পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চালের সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচির আওতায় চাল কিনতে পোশাকশ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
সময়ের আলো/এসএকে