নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল

আইয়ুব খসরু

বিজনেস

চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি অনুমোদন ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল) রিফাইনারি নির্মাণ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত তদন্ত

2026-11-12T23:01:10+00:00
2026-11-12T23:01:10+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল
আইয়ুব খসরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি অনুমোদন ছাড়াই সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল) রিফাইনারি নির্মাণ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত তদন্ত কমিটি। শুধু রিফাইনারি নির্মাণই নয়, প্রকল্পের জন্য আমদানি করা বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও মেশিনারিজের ক্ষেত্রেও বিপিসির অনুমোদন নেওয়া হয়নি। এমনকি কারখানাটির বিভিন্ন ইউনিট নীতিমালার নির্ধারিত কাঠামোর বাইরে স্থাপনের বিষয়টিও কমিটির প্রতিবেদনে আসতে পারে।

‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই বিধান অনুসরণ না করেই কর্ণফুলীতে এসপিএলের রিফাইনারি প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্ল্যান্ট পরিদর্শনের পর বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন। তিনি বিপিসির গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান।

জাহিদ হোসাইন বলেন, সরকারি অনুমোদন না থাকলেও এসপিএলের রিফাইনারি নির্মাণের কাজ চলছে। প্রকল্প এলাকায় কিছু উন্নয়নকাজ হয়েছে এবং নতুন ট্যাংক নির্মাণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি যে ক্রুড প্ল্যান্ট নির্মাণ করছে, সেটিও কমিটি পরিদর্শন করেছে। প্ল্যান্ট-সংক্রান্ত কিছু নথি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, এসপিএল শেষ পর্যন্ত যত নথি জমা দেবে, প্রতিবেদনে ততটুকুই উল্লেখ করা হবে। নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ নির্মাণের বিষয়টিও প্রতিবেদনে অন্তর্ভুক্ত হতে পারে।

প্রকল্পের জন্য বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানি করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিটির প্রধান বলেন, এসপিএল মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা অফিস আদেশ জারি করে সাত সদস্যের এই কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে এসপিএলের রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান। তিনি বলেন, কমিটি মাত্র প্ল্যান্ট পরিদর্শন করে এসেছে। প্রতিষ্ঠানটির কাছে আরও কিছু বিষয়ে জানতে চাওয়া হতে পারে। কমিটির অন্যান্য সদস্যরা বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির আগে সেগুলো নিয়ে আলোচনা করবেন।

বুধবারের পরিদর্শন প্রসঙ্গে জাহিদ হোসাইন জানান, কমিটির সদস্যরা তিন ঘণ্টার বেশি সময় প্ল্যান্ট এলাকায় অবস্থান করে বিভিন্ন বিষয় দেখেছেন। তবে ওই সময় রিফাইনারির প্রকৃত কারিগরি সক্ষমতা যাচাই করা হয়নি।

তার ভাষ্য, কমিটি প্রতিটি মেশিনারিজ বা প্ল্যান্ট চালু করে পরীক্ষা করেনি। কারিগরি কমিটি হলে এসব বিষয় যাচাই করবে। তারা প্ল্যান্টের ইনপুট-আউটপুট সঠিকভাবে হচ্ছে কি না, তাও পরীক্ষা করবে। উৎপাদন কার্যক্রমের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এদিকে কারিগরি সক্ষমতা যাচাই সম্পন্ন হওয়ার আগেই একটি রিফাইনারিকে উৎপাদন শুরুর অনুমোদনের জন্য সুপারিশ করার প্রক্রিয়া নিয়ে জ্বালানি খাতে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তা, কারিগরি সক্ষমতা ও পরিবেশগত ঝুঁকি যাচাই না করে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলে তা জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন রয়েছে।

এ ছাড়া আমদানি-রফতানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনসহ আরও বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। 

অভিযোগ রয়েছে, এসপিএল রিফাইনারি স্থাপনের ক্ষেত্রে এসব বাধ্যতামূলক অনুমোদনের প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেনি। বিশেষ করে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিপিসির অনুমোদন না নেওয়ার বিষয়টি সামনে এসেছে। এসব আমদানিতে শুল্ক ফাঁকি হয়েছে কি না, কিংবা যন্ত্রপাতির ঘোষণার আড়ালে অন্য কোনো পণ্য আমদানি করা হয়েছে কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।


এমন পরিস্থিতির মধ্যেই এসপিএল বছরে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড—মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। অনুমোদনহীন অবস্থায় রিফাইনারি স্থাপন এবং বিপুল পরিমাণ ক্রুড আমদানির এই উদ্যোগ নিয়ে জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, একটি রিফাইনারি স্থাপনের আগে সরকারি অনুমোদন, কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ও পরিবেশগত বিষয় যাচাই করা জরুরি। এসব প্রক্রিয়া সম্পন্ন না করে প্রকল্পটি বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে তা নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতাকে আরও স্পষ্ট করবে।

তাদের মতে, আমদানি করা যন্ত্রপাতি ও প্রকল্পের কার্যক্রমের পূর্ণাঙ্গ যাচাইসহ উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন। যথাযথ তদারকি ও নিরাপত্তা নিশ্চিত না করে অনুমোদনহীন রিফাইনারিকে উৎপাদনের সুযোগ দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   নীতিমালা  বৃদ্ধাঙ্গুলি  অনুমোদন  রিফাইনারি  সুপার পেট্রোকেমিক্যাল 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: