টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত

সময়ের আলো ডেস্ক

বিজনেস

দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২

2026-11-12T12:35:23+00:00
2026-11-12T12:35:23+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম 
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সংগৃহীত ছবি
দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।


এর আগে গতকাল ১১ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ওই দফায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬২৪ টাকা কমে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২১৬ টাকা কমে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা হয়।

সব মিলিয়ে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হলো। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   স্বর্ণ  দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: