৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

সময়ের আলো ডেস্ক

বিজনেস

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন

2026-11-12T09:20:00+00:00
2026-11-12T09:20:00+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:২০ এএম 
একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। সংগৃহীত ছবি
উচ্চ মূল্যস্ফীতির মধ্যে পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০ টাকা কেজি দরে। আগামী ২০ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ বিশেষ ওএমএস কার্যক্রম চালানো হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় কর্মসূচিটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার বুধবার জানান, চলতি নভেম্বর মাসেই পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হবে। আগামী ২০ নভেম্বর শুক্রবার এটি চালুর সম্ভাবনা রয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, খাদ্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দিতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে। এর ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী দামে চাল পাওয়ার সুযোগ তৈরিতে বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারি গুদামে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। ফলে এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান মজুত থেকেই সরবরাহ করা সম্ভব। বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চালের সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে বাজেটে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে। 

সরকার দরিদ্র মানুষের খাদ্যসহায়তা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে নিজস্ব গুদামে চাল ও গম মজুত রাখে। এসব খাদ্যশস্যের একটি অংশ স্বল্পমূল্যে বাজারে বিক্রি করা হয়। অন্য অংশ ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়। সরকারের বড় কর্মসূচি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে চাল দেওয়া হয়। যাদের এ ধরনের কার্ড নেই, তাদের জন্য ওএমএসের দোকান ও খোলা ট্রাকে খাদ্যশস্য বিক্রির ব্যবস্থা রয়েছে।


এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতার মধ্যে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সময়ে নিম্নতম মজুরি বোর্ডও কাজ শুরু করেছে। ইতোমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

তবে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচিকে সম্মানজনক মনে করছেন না মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ছয় দিন কঠোর পরিশ্রমের পর সাপ্তাহিক ছুটির দিনে শুধু চাল কেনার জন্য শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে। ৩০০ টাকা সাশ্রয়ের এই উদ্যোগ কার্যকর সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। 

বাবুল আখতারের মতে, সাশ্রয়ী মূল্যের পণ্য কারখানার গেট থেকেই শ্রমিকদের হাতে পৌঁছে দেওয়া উচিত। শুধু চাল নয়, চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য কম দামে সরবরাহের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ম্যাপড ইন বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে পোশাক কারখানার সংখ্যা ৩ হাজার ৩২০টি। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ২৯ লাখ ৮৭ হাজার। তাদের মধ্যে ৫৭ শতাংশ নারী।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পোশাকশ্রমিক  চাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: