ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার ফাঁকি

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

রফতানিমুখী শিল্পের জন্য শুল্ক-করমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ থাকলেও সেই সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বন্ড সুবিধায়

2026-11-11T23:19:04+00:00
2026-11-11T23:19:04+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজনেস
বন্ড সুবিধার অপব্যবহার
ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার ফাঁকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম 
ছবি : সংগৃহীত
রফতানিমুখী শিল্পের জন্য শুল্ক-করমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ থাকলেও সেই সুবিধার অপব্যবহারের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বন্ড সুবিধায় আমদানি করা সুতা, ফেব্রিক্স ও কেমিক্যালের মজুদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নথিপত্রে ব্যাপক গরমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। বুধবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এনবিআর সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শুল্ক-করমুক্তভাবে আমদানি করা কাঁচামাল নির্ধারিত উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। অভিযানকালে গুদামের প্রকৃত মজুদের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া যায়।

এনবিআরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হয়।

প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা, জাহিন নিটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।


এ ছাড়া বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ, জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ৯ কোটি ৪৫ লাখ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলসের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকার ফাঁকির তথ্য মিলেছে।

এনবিআর জানায়, অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কোথাও ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুদ ছিল।

বন্ড সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রফতানিতে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার রাজস্ব হারায়। পাশাপাশি শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।

সিআইআইডি জানিয়েছে, অভিযানকালে প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুদ ও কাঁচামাল ব্যবহারের নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত তদন্তে রাজস্ব ফাঁকির পরিমাণ পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ছয় টেক্সটাইল  প্রতিষ্ঠান  টাকা  ফাঁকি  বন্ড সুবিধা 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: