প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ পদ্ধতিতে কমিশন ও স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণ সমন্বিতভাবে বিবেচনা করা হবে। এতে আইপিও অনুমোদনের প্রক্রিয়ায় সময়ক্ষেপণ ও জটিলতা কমবে বলে আশা করছে কমিশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভায় পুঁজিবাজারের উন্নয়ন ও কার্যক্রম সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, নতুন পদ্ধতিতে কোনো আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের পর্যবেক্ষণ থাকলে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। এরপর স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের মতামতও যাচাই ও বিবেচনা করবে। সবকিছু পর্যালোচনা শেষে আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ জমা দেবে স্টক এক্সচেঞ্জ।
অর্থাৎ, এখন থেকে আইপিও আবেদন পর্যালোচনার পুরো প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সমন্বিতভাবে পরিচালিত হবে। এতে একই বিষয়ে একাধিক পর্যায়ে আলাদাভাবে পর্যালোচনার প্রয়োজন কমবে।
কমিশনের প্রত্যাশা, সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালু হলে আইপিও আবেদন পর্যালোচনায় সমন্বয় বাড়বে এবং অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমবে। ফলে ইস্যুয়ার কোম্পানিগুলোর জন্য আইপিও প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির কাজও আরও গতিশীল হবে।
উল্লেখ্য, আইপিওর মাধ্যমে কোনো কোম্পানি প্রথমবারের মতো সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে। এ জন্য আবেদন পর্যালোচনা ও অনুমোদনের কয়েকটি ধাপ পেরোতে হয়। নতুন পদ্ধতির মাধ্যমে এসব ধাপের মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ করতে চায় বিএসইসি।
সময়ের আলো/এসএকে