প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:০৬ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ১:০৭ পিএম
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবারও চালু হয়েছে। ত্রুটি সমাধানের পর মঙ্গলবার থেকে স্বাভাবিক হয়েছে তাৎক্ষণিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরের এ সেবা।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, সিবিএসের কারিগরি ত্রুটি সমাধান করা হয়েছে। ফলে, সাময়িকভাবে বন্ধ থাকা আরটিজিএস লেনদেন পুনরায় সচল হয়েছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আরটিজিএসের মাধ্যমে লেনদেন বন্ধ হয়ে যায়। ওই সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
আরটিজিএস একটি তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে দ্রুত অর্থ পাঠানো যায়। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। বাংলাদেশে আরটিজিএসের মাধ্যমে স্থানীয় মুদ্রায় আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর করা হয়। এ ব্যবস্থায় সর্বনিম্ন লেনদেনের পরিমাণ এক লাখ টাকা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দেশে আনুষ্ঠানিকভাবে আরটিজিএস সেবা চালু করে।
সময়ের আলো/মহু