প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৯:০৯ পিএম
নভেম্বর প্রথম সপ্তাহে রেমিট্যান্স এল ৮৭৯ মিলিয়ন ডলার । ছবি : সংগৃহীত চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনে এসেছে ২৩১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ৭ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
সে হিসাবে অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ব্যাংকভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ দশমিক ৯৩ মিলিয়ন ডলার এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৭৮ দশমিক ৪৭ মিলিয়ন, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ৭১ দশমিক ৪৯ মিলিয়ন, সোনালী ব্যাংকের মাধ্যমে ৬৬ দশমিক ৯৪ মিলিয়ন এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৬০ দশমিক ৩৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১১ হাজার ৪৬৫ দশমিক ৯৪ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে জুলাইয়ে ২ হাজার ৮৫৮ দশমিক ৭৬ মিলিয়ন, আগস্টে ২ হাজার ৯৬৭ দশমিক ৫৩ মিলিয়ন, সেপ্টেম্বরে ২ হাজার ৭৬৬ দশমিক ২৪ মিলিয়ন এবং অক্টোবরে ২ হাজার ৮৭৩ দশমিক ৬৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
সময়ের আলো/এসকে