প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। প্রস্তাবে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৪০ হাজার ও সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শ্রমিক প্রতিনিধি এবং কারখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। পারস্পরিক আস্থা ও শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে মজুরির পরিমাণ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এর যৌক্তিকতা, পদ ও গ্রেডভিত্তিক বিস্তারিত প্রস্তাব আগামী সপ্তাহে উপস্থাপন ও আলোচনা করা হবে।
প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডে ৫৫ হাজার, ২ নম্বর গ্রেডে ৫০ হাজার, ৩ নম্বর গ্রেডে ৪৫ হাজার এবং ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে সভার আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেন, সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিয়েছে এবং বোর্ড তা গ্রহণ করেছে। তবে কিছু সমস্যার কথা উল্লেখ করে মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছিল। আলোচনা শেষে তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে মালিকপক্ষ লিখিত প্রস্তাব জমা না দিলে বোর্ড নিজস্ব উদ্যোগে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ এগিয়ে নেবে বলে জানান তিনি।
সময়ের আলো/কেএইচও