গ্রাফিক : সময়ের আলো বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত উৎস মিলিয়ে সরকার নিট প্রায় ১৯ হাজার ৯১৯ কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ আগের অর্থবছরের একই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার পরিবর্তে সরকার নিট ৬১৯ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেছিল। তবে দুই মাসে ঋণ গ্রহণ বাড়লেও এখন পর্যন্ত বার্ষিক লক্ষ্যমাত্রার ভিত্তিতে দুই মাসের আনুপাতিক লক্ষ্যমাত্রা অতিক্রম করেনি সরকার। অবশ্য ব্যাংকবহির্ভূত উৎস থেকে ঋণ গ্রহণ দুই মাসের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে হিসাবে সরকারের মাসিক গড় ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা প্রায় ১০ হাজার ৫৮৩ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ৯ হাজার ৩৩৩ কোটি এবং ব্যাংকবহির্ভূত উৎস থেকে ১ হাজার ২৫০ কোটি টাকা।
এই হিসাব অনুযায়ী অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের মোট ঋণ গ্রহণের আনুপাতিক লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২১ হাজার ১৬৭ কোটি টাকা। বিপরীতে প্রকৃত ঋণ গ্রহণ হয়েছে ১৯ হাজার ৯১৯ কোটি টাকা। অর্থাৎ দুই মাসে মোট লক্ষ্যমাত্রার প্রায় ১৫ দশমিক ৭ শতাংশ ঋণ নিয়েছে সরকার, যেখানে সময়ের অনুপাতে লক্ষ্যমাত্রা পূরণের কথা ছিল ১৬ দশমিক ৬৭ শতাংশ। ফলে সামগ্রিকভাবে ঋণ গ্রহণ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১ হাজার ২৪৭ কোটি টাকা কম রয়েছে।
তবে উৎসভেদে ঋণ গ্রহণের চিত্রে বড় ধরনের পার্থক্য রয়েছে। প্রথম দুই মাসে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯০ কোটি ৭০ লাখ টাকা। অথচ আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার নিট ৯ হাজার ৭৯২ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতায় বড় পরিবর্তন এসেছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে দুই মাসের আনুপাতিক ঋণ লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৬৬৭ কোটি টাকা। সে হিসাবে এ খাতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ হাজার ৬৭৬ কোটি টাকা কম ঋণ নিয়েছে সরকার।
অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকারের নিট ঋণ গ্রহণ দাঁড়িয়েছে ৫ হাজার ৯২৮ কোটি ৭০ লাখ টাকা। এ খাতে দুই মাসের আনুপাতিক লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকবহির্ভূত উৎস থেকে নির্ধারিত সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ হাজার ৪২৯ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। আগের অর্থবছরের একই সময়ে এ উৎস থেকে নিট ঋণ গ্রহণের পরিমাণ ছিল ৯ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা।
ব্যাংকবহির্ভূত ঋণের অন্যতম উৎস জাতীয় সঞ্চয় স্কিম। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ খাত থেকে সরকারের নিট ঋণ এসেছে ২ হাজার ৪৬৩ কোটি ১০ লাখ টাকা। এ সময়ে সঞ্চয় স্কিমগুলোর বিক্রি হয়েছে ১৮ হাজার ৫৭৬ কোটি ৬০ লাখ টাকা। বিপরীতে মূলধন পরিশোধ করা হয়েছে ১৬ হাজার ১১৩ কোটি ৪০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে জাতীয় সঞ্চয় স্কিম থেকে সরকারের নিট ঋণ ছিল ১ হাজার ৫৭২ কোটি ৩০ লাখ টাকা।
আগস্ট মাসের হিসাবেও ঋণ গ্রহণের ক্ষেত্রে উৎসভেদে ভিন্ন চিত্র দেখা গেছে। ওই মাসে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার ১৬ হাজার ৪৪ কোটি ১০ লাখ টাকা ঋণ নিয়েছে এবং ১৭ হাজার ৬২৮ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করেছে। ফলে এক মাসে ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট ১ হাজার ৫৮৪ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে সরকার। অন্যদিকে ব্যাংকবহির্ভূত উৎস থেকে আগস্টে ১১ হাজার ১৮৬ কোটি ২০ লাখ টাকা ঋণ নেওয়ার বিপরীতে পরিশোধ করেছে ৯ হাজার ৩৫০ কোটি টাকা। এতে এ খাত থেকে নিট ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৬ কোটি ২০ লাখ টাকা।
প্রতিবেদনে সরকারি ঋণের স্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে। আগস্ট ২০২৬ শেষে ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৩ কোটি ৪০ লাখ টাকা। ব্যাংকবহির্ভূত উৎস থেকে ঋণের স্থিতি ৪ লাখ ৮২ হাজার ৫০৮ কোটি ৪০ লাখ টাকা। সব মিলিয়ে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৫২১ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনার জন্য চালু করা বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ডে (বিজিআইআইবি) জুলাই-আগস্ট সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৯৪৮ কোটি ১০ লাখ টাকা। একই সময়ে এ তহবিল থেকে ঋণ নেওয়া হয়েছে ১ হাজার ১২০ কোটি টাকা। ফলে ইসলামিক ব্যাংকগুলোর নিট স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ কোটি ৯০ লাখ টাকা।
এ ছাড়া শরিয়াহভিত্তিক উন্নয়ন অর্থায়নের জন্য ২০২০ সালের ডিসেম্বরে চালু করা বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুকের (বিজিআইএস) আওতায় সরকার এ পর্যন্ত ইজারা, ইস্তিসনা ও সেল পদ্ধতিতে ১১টি সুকুক ইস্যু করেছে। আগস্ট ২০২৬ শেষে এসব সুকুকের বকেয়া স্থিতি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ গ্রহণ বার্ষিক লক্ষ্যমাত্রার আনুপাতিক হিসাবের মধ্যে থাকলেও ব্যাংকবহির্ভূত উৎসের ওপর নির্ভরতা বেড়েছে। একই সময়ে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের পরিমাণও আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সময়ের আলো/কেএইচও