এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি শিগগিরই আইনি ভিত্তি পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

2026-11-11T23:29:45+00:00
2026-11-11T23:29:45+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজনেস
এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম 
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : ভিডিও থেকে নেওয়া
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি শিগগিরই আইনি ভিত্তি পাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুই ভাগ করার বিষয়টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা আইনি রূপ দেওয়া হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে তিনি শুল্ক-কর কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। নিকট ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও অর্জিত হবে বলে আশা করেন তিনি।

রাজস্ব আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি হয়েছে। শুল্ক খাতেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। মূল্য সংযোজন কর বা ভ্যাটে কিছুটা কম। তবে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দেওয়ার নিয়মে ফেরত যাওয়ায় আদায় বাড়বে। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ে গতি আসবে।

জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনগণের কষ্টের টাকার প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন। এ জন্য প্রতিটি প্রকল্প ও বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য মুনাফা বা বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। হিসাব-নিকাশ ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো ব্যয় করা হচ্ছে না।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি একটি সুসংহত অর্থনৈতিক কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ (আইডিবি) বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কার্যক্রম চলছে। পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে।

মন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা হবে। এর সুফল শেষ পর্যন্ত দেশের জনগণ পাবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   এনবিআর  বিলুপ্ত  দুই ভাগ  অর্থমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: