ছবি : সংগৃহীত দেশীয় বস্ত্র ও সুতা উৎপাদন শিল্পের স্বার্থরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় সব ধরনের সুতা ও কাপড় আমদানিতে প্রচলিত বন্ড সুবিধা প্রত্যাহার করে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির সুযোগ চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। বুধবার বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব তুলে ধরেন বিটিএমএর সভাপতি মো. শামীম ইসলাম।
চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বন্ড সুবিধার অপব্যবহারের কারণে দেশীয় বস্ত্র, সুতা ও কাপড় উৎপাদনকারী কলকারখানাসহ স্থানীয় উৎপাদনমুখী শিল্পগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্ড সুবিধার আওতায় আমদানি করা সুতা ও কাপড়ের একটি উল্লেখযোগ্য অংশ রফতানিমুখী পণ্য উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া পণ্যের প্রকৃত বিবরণ গোপন করে আমদানি, বন্ড সুবিধার অপব্যবহার এবং আমদানি, উৎপাদন ও রফতানির তথ্যের মধ্যে অসামঞ্জস্যের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হওয়ায় দেশীয় শিল্পের বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা হ্রাস পাচ্ছে।
বিটিএমএর মতে, দেশের সুতা ও কাপড় উৎপাদনকারী কলকারখানাগুলোর পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও বন্ড সুবিধার আওতায় সুতা এবং কাপড় আমদানির কারণে স্থানীয় উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। এর প্রভাব শুধু প্রাথমিক বস্ত্র শিল্পেই সীমাবদ্ধ থাকছে না; বরং কাঁচামাল উৎপাদক, সরবরাহকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিল্প, কর্মসংস্থান, ব্যাংকিং খাত এবং সামগ্রিক বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ পরিস্থিতিতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং বিদ্যমান অনেক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ও ঋণ পরিশোধের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।
এ সমস্যা সমাধানে বিটিএমএ সব ধরনের সুতা ও কাপড়ে প্রচলিত বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, এটি কোনো আমদানি নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আরোপের উদ্যোগ নয়; বরং আমদানিকৃত পণ্যের যথাযথ ব্যবহার এবং রফতানি নিশ্চিত করার একটি কার্যকর আর্থিক নিশ্চয়তা ব্যবস্থা।
প্রস্তাবিত ব্যবস্থাটি কার্যকর করতে ব্যাংক গ্যারান্টি প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অযৌক্তিক নগদ জামানত এবং ব্যাংক কমিশন পরিহারের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রকৃত রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য ন্যূনতম নগদ জামানতে গ্যারান্টি প্রদানের ব্যবস্থা এবং ঋণসীমা ছাড়াই ব্যাংক গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সহজ করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া রফতানি সম্পন্ন এবং প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দেশে প্রত্যাবর্তনের প্রমাণ জমা দেওয়ার পর দ্রুততম সময়ে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার প্রস্তাব করেছে বিটিএমএ।
সংগঠনটি আমদানি, উৎপাদন ও রফতানির মধ্যে কার্যকর সমন্বিত তদারকি ও নিরীক্ষা ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিয়েছে। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা চালু হলে বন্ড সুবিধার অপব্যবহার ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধের পাশাপাশি দেশীয় উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি