প্রতীকী ছবিএকটি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের অন্যতম প্রধান উৎস পুঁজিবাজার। অথচ বাংলাদেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরেই নেই স্বস্তির সুবাতাস। আড়াই বছরের বেশি সময় ধরে নতুন কোনো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন হয়নি। নতুন কোম্পানি তালিকাভুক্তিতে স্থবিরতা, দুর্বল কোম্পানির আধিক্য, বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং বাজারের সীমিত গভীরতা— সব মিলিয়ে দেশের শেয়ারবাজার এখন রীতিমতো খুঁড়িয়ে চলছে।
এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর নতুন করে ছয়টি কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ৬১২ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ করতে চায়। তবে আবেদনগুলো এখনও পর্যালোচনাধীন। সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো কোম্পানির তথ্য যাচাই, অসংগতি নিরসনে প্রশ্ন উত্থাপন এবং প্রকল্প পরিদর্শনের কাজ করছে। ফলে দীর্ঘদিনের আইপিও খরা কাটার সম্ভাবনা তৈরি হলেও কবে নাগাদ নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে, তা এখনও অনিশ্চিত।
অন্যদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইপিও অনুমোদন প্রক্রিয়ায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। এ পদ্ধতিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আবেদনগুলো পর্যালোচনা করে কমিশনকে সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে আইপিও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনে নির্ধারিত ৬০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানিয়েছে কমিশন।
আড়াই বছরের বেশি সময় ধরে আইপিও খরা : সর্বশেষ ২০২৪ সালের মার্চে টেকনো ড্রাগস লিমিটেডকে আইপিও অনুমোদন দিয়েছিল বিএসইসি। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। একই বছরের জুলাইয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির লেনদেন শুরু হয়। এরপর আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কোনো কোম্পানির আইপিও অনুমোদনের নজির নেই।
বাজার-সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি আইপিও-সংক্রান্ত বিধিবিধান পুনর্বিবেচনা ও সংশোধনের উদ্যোগের কারণেও নতুন কোম্পানি তালিকাভুক্তির প্রক্রিয়ায় স্থবিরতা তৈরি হয়েছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর আগের কমিশনের সময়ে অনুমোদিত কিছু কোম্পানির আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক কার্যক্রম ও তালিকাভুক্তির মান নিয়ে প্রশ্ন ওঠে। ফলে নতুন আইপিও অনুমোদনের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেয় নিয়ন্ত্রক সংস্থা। তবে অতিরিক্ত সতর্কতার কারণে ভালো কোম্পানিগুলোও বাজারে আসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কি না, সেই প্রশ্নও উঠেছে।
ছয় কোম্পানির ৬১৩ কোটি টাকার আবেদন : দীর্ঘ আইপিও খরার মধ্যে সম্প্রতি ছয়টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আবেদন করেছে। নিয়ন্ত্রক সংস্থার সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ৬১২ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ করতে চায়। এর মধ্যে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি ৪০০ কোটি, পার্কওয়ে প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ৭৮ কোটি, স্ক্যান্ডেক্স ৫৫ কোটি, অ্যালায়েন্স ফাইন্যান্স ৩৪ কোটি ৬৫ লাখ, ডিজিকন টেকনোলজিস ৩০ কোটি এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি টাকা সংগ্রহের আবেদন করেছে। পাঁচটি কোম্পানি ফিক্সড প্রাইস পদ্ধতিতে এবং একটি কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছাড়তে চায়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, বর্তমানে ছয়টি কোম্পানির আইপিও আবেদন প্রক্রিয়াধীন।
ছয়টি আবেদন এখনও যাচাই-বাছাইয়ে : অন্যদিকে আইপিও আবেদন জমা পড়লেও সেগুলোর অনুমোদন এখনই নিশ্চিত নয় বলে মনে করছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সুমিত পোদ্দার।
তিনি সময়ের আলোকে বলেন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বর্তমানে ছয়টি আইপিও আবেদন পর্যালোচনা করছে। কোম্পানিগুলোর নথিপত্রে যেসব অসংগতি পাওয়া যাচ্ছে, সেগুলো নিরসনে প্রশ্ন পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রকল্প পরিদর্শনও চলছে।
তবে দেশের পুঁজিবাজারের বর্তমান বাস্তবতায় বড় অঙ্কের মূলধন সংগ্রহের সক্ষমতা নেই বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। তার মতে, বর্তমান বাজারে ৩০০ থেকে ৫০০ কোটি টাকার দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের উপযুক্ত সক্ষমতা নেই। বড় মূলধনের কোম্পানির মূল্যায়ন গ্রহণ করার মতো মানসিক প্রস্তুতিও সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে পর্যাপ্ত নয়।
ভালো কোম্পানি আনতে শুধু বিএসইসির উদ্যোগ যথেষ্ট নয় : বাজারে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে নীতিগত স্থিতিশীলতার ওপরও গুরুত্ব দিয়েছেন সুমিত পোদ্দার। তার মতে, ঘন ঘন বিধিমালা পরিবর্তনের কারণে করপোরেট প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা ও মানসিকতায় পরিবর্তন আসে। ফলে অনেক ভালো প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসার আগ্রহ হারায়।
বিশেষ করে সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে সরকারের পক্ষ থেকে কার্যকর আইন ও বাধ্যবাধকতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। তার ভাষায়, সরকার থেকে কার্যকর উদ্যোগ না এলে শুধু বিএসইসি বা স্টক এক্সচেঞ্জের চাপ দিয়ে ভালো সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনা কঠিন।
তালিকাভুক্ত কোম্পানি ৩৬০, বাজার মূলধন কমছে : নতুন কোম্পানি তালিকাভুক্ত না হওয়ার প্রভাব পড়ছে বাজারের গভীরতা ও বৈচিত্রে। বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের আগস্টের পুঁজিবাজারবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ওই মাস শেষে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ছিল ৩৬০টি। এর বাইরে ৩৫টি মিউচুয়াল ফান্ড, ২১৭টি সরকারি বন্ড, আটটি ডিবেঞ্চার ও ১৬টি করপোরেট বন্ডসহ মোট তালিকাভুক্ত সিকিউরিটিজ ছিল ৬৩৬টি।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৪ হাজার ৭৩৯ কোটি টাকা। আগের মাসের তুলনায় তা কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জিডিপির তুলনায় পুঁজিবাজারের বাজার মূলধনের অনুপাতও কমেছে।
সরাসরি তালিকাভুক্তির নতুন সুযোগ : আইপিওর পাশাপাশি নতুন কোম্পানি বাজারে আনতে সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি করেছে বিএসইসি। গত ১৮ অক্টোবর ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ) রুলস, ২০২৬’ প্রকাশ করে কমিশন। এর মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ করে কিছু প্রতিষ্ঠান আইপিও ছাড়াই সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারবে।
বাজার-সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারে সুবাতাস ফেরাতে শুধু আইপিওর সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়। প্রয়োজন মানসম্পন্ন কোম্পানি, নীতিগত স্থিতিশীলতা, স্বচ্ছ অনুমোদন প্রক্রিয়া এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাজারে নতুন প্রাণ ফেরাতে হলে ভালো কোম্পানি বাছাইয়ের পাশাপাশি তাদের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। অন্যথায় নতুন কোম্পানি তালিকাভুক্ত হলেও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটবে না।
সময়ের আলো/প্রিন্ট/এমকে