রোজার পণ্য মজুদে আগেভাগেই তোড়জোড়

এসএম আলমগীর

বিজনেস

রমজান মাস আসতে মাস তিনেক সময় বাকি থাকলেও বেশ আগে থেকেই পণ্য মজুদের তোড়জোড় শুরু হয়েছে। এ জন্য সরকারের তরফ

2026-11-12T00:52:46+00:00
2026-11-12T00:52:46+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
রোজার পণ্য মজুদে আগেভাগেই তোড়জোড়
এসএম আলমগীর
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫২ এএম 
সংগৃহীত ছবি
রমজান মাস আসতে মাস তিনেক সময় বাকি থাকলেও বেশ আগে থেকেই পণ্য মজুদের তোড়জোড় শুরু হয়েছে। এ জন্য সরকারের তরফ থেকে যেমন নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ, তেমনি আমদানিকারকরাও পণ্য আমদানি শুরু করেছে বেশ আগে থেকেই। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে— আসন্ন রোজাকে ঘিরে সরকারি-বেসরকারি উভয় পর্যায়েই পণ্য আমদানি চলছে জোরেশোরে। বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমেও এবার পর্যাপ্ত পণ্য আমদানি করা হচ্ছে।

রোজার পণ্য আমদানি কার্যক্রম যাতে কোনো রকম বাধাগ্রস্ত না হয়, তার জন্য বাংলাদেশ ব্যাংক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে গতকাল বুধবার। গত ৮ নভেম্বর রমজান মাসকে সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাজার বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগ এবং সরকারি-বেসরকারি উদ্যোগের ফলে আসন্ন রোজায় বাজারে পর্যাপ্ত পণ্য থাকবে এবং পণ্যমূল্যও ক্রেতার নাগালে থাকবে।

রমজানকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে উল্লিখিত ১১ ধরনের পণ্য আমদানিতে বিশেষ এই সুবিধা দেওয়া হয়েছে। এখন থেকে এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি বা সুবিধা পাওয়া যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এ সুবিধা নিতে পারবেন আমদানিকারকরা।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে আমদানিকারকরা এসব পণ্য আমদানিতে উৎসাহিত হবেন বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

নিত্যপণ্যের আমদানি ও এলসিতে অগ্রগতি : বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এ সময়ে মোট ভোজ্য তেল আমদানি হয়েছে ৮.২৩ লাখ মেট্রিক টন, যা গত বছরের ৭.০৫ লাখ মেট্রিক টনের তুলনায় ১.১৮ লাখ মেট্রিক টন বেশি। ভোজ্য তেলের এলসি খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৮.০৫ লাখ মেট্রিক টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১.৩১ লাখ মেট্রিক টন বেশি। এ ছাড়া সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫.০১ লাখ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ১.১৩ লাখ মেট্রিক টন বেশি। চিনি আমদানি হয়েছে ৬.৮৭ লাখ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১.৫৩ লাখ মেট্রিক টন বেশি। চিনির এলসি খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৮.১০ লাখ মেট্রিক টনে।

খেজুরের শুল্ক কাঠামো সহজ করার উদ্যোগ : বিভিন্ন দেশ থেকে আমদানি করা খেজুরের জাত, গুণগত মান ও মূল্যের পার্থক্য বিবেচনায় শুল্ক কাঠামো সহজ, স্বচ্ছ ও যৌক্তিক করা হচ্ছে। মূলত মিসর, সৌদি আরব, ইরাক ও আলজেরিয়াসহ প্রায় এক ডজন দেশ থেকে বিভিন্ন মানের খেজুর আমদানি করা হয়। এসব পণ্যের বৈচিত্র্যের কারণে একই ধরনের মূল্যায়ন পদ্ধতিতে জটিলতা তৈরি হতে পারে। তাই আমদানিকারকদের জন্য সহজবোধ্য ও বাস্তবসম্মত শুল্কব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   রমজান  মজুদ  তোড়জোড়  সময়ের আলো  রোজা 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: