ছবি : সংগৃহীত চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ। এ সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ থেকে ৬৪৩ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই রফতানির পরিমাণ ছিল ৬২৬ কোটি ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে স্পেন থেকে। আলোচ্য চার মাসে স্পেনে পোশাক রফতানি ১৩ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে রফতানি বেড়েছে ১৭ কোটি ৬ লাখ ডলার।
ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট রফতানি বৃদ্ধির পরিমাণ ১৭ কোটি ৪৫ লাখ ডলার। এর মধ্যে স্পেনের অবদান প্রায় ৯৮ শতাংশ। এদিকে স্পেন এখন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। মোট রফতানির ২২ দশমিক ৫১ শতাংশ যাচ্ছে দেশটিতে। এতদিন শীর্ষে থাকা জার্মানিকে পেছনে ফেলেছে স্পেন।
জুলাই-অক্টোবর সময়ে জার্মানিতে বাংলাদেশের পোশাক রফতানি প্রায় অপরিবর্তিত রয়েছে। দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র শূন্য দশমিক ০১ শতাংশ বেশি। ইইউতে বাংলাদেশের মোট পোশাক রফতানিতে জার্মানির অংশ ২২ দশমিক ৩৭ শতাংশ।
অন্যদিকে নেদারল্যান্ডসে রফতানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৭৮ কোটি ৪৬ লাখ ডলারে পৌঁছেছে। পোল্যান্ডে রফতানি বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ, যার পরিমাণ ৫৪ কোটি ৫৯ লাখ ডলার।
তবে ফ্রান্সের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলার। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো মিলিয়ে রফতানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৬০ কোটি ডলারে। এসময়ে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পাঁচ বাজারে বাংলাদেশের মোট পোশাক রফতানির ৭৫ দশমিক ১ শতাংশ হয়েছে।
শুধু অক্টোবরের হিসাবেও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে। এ মাসে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেশি।
অক্টোবরে একক বাজার হিসেবে জার্মানি ছিল বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য। দেশটিতে রফতানি হয়েছে ৩১ কোটি ৫৭ লাখ ডলারের পোশাক, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫৯ শতাংশ বেশি। স্পেনে রফতানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের পোশাক। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ। নেদারল্যান্ডসে রফতানি ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১৮ কোটি ৭১ লাখ ডলারে পৌঁছেছে।
তবে অক্টোবরেও ফ্রান্স ও পোল্যান্ডের বাজারে রফতানি কমেছে। ফ্রান্সে রফতানি ১৫ দশমিক ২২ শতাংশ কমে ১৬ কোটি ১৭ লাখ ডলারে দাঁড়িয়েছে। পোল্যান্ডে রফতানি কমেছে ৪ দশমিক ৪৯ শতাংশ, যার পরিমাণ ১৪ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপে চলমান অর্থনৈতিক সংকট এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক।
‘যদিও এই প্রবৃদ্ধির হার দেশের সামগ্রিক রফতানি প্রবৃদ্ধির তুলনায় কিছুটা কম, তবুও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে পোশাক খাতের এই ইতিবাচক ধারা খাতটির সক্ষমতা ও স্থিতিস্থাপকতারই প্রতিফলন।’
তিনি বলেন, দেশে বারবার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটলে এই খাতের রফতানি প্রবৃদ্ধি আরও ভালো হতে পারত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ উৎপাদন সক্ষমতা বজায় রাখা, সময়মতো পণ্য জাহাজীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সময়ের আলো/প্রিন্ট/জেডি