ছবি : সংগৃহীত দেশের কৃষির গুরুত্বপূর্ণ উপকরণ কীটনাশক বা বালাইনাশক। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার কীটনাশক আমদানি করা হচ্ছে। এতে দেশের অর্থ চলে যাচ্ছে বাইরে। দেশেই যাতে কীটনাশক উৎপাদন করা যায় তার জন্য সরকার দেশীয় উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা বাড়াচ্ছে। যাতে কীটনাশকের আমদানিনির্ভরতা কমানো যায়। এ জন্য কীটনাশকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে হয়রানি বন্ধে এবং বন্দরে পণ্য খালাস কার্যক্রম সহজ করতে অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জাতীয় রাজস্ব বোর্ড নতুন এসআরও জারি করলেও সেটি মানছে না কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। ফলে কীটনাশক উৎপাদনকারীরা হতাশগ্রস্ত হয়ে পড়ছেন এবং রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এনবিআর যে নতুন এসআরও জারি করেছে, সে অনুযায়ী সহজে পণ্য খালাসের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, যারা বালাইনাশক উৎপাদনকারী তাদের কাঁচামাল যখন চট্টগ্রাম বন্দরে আসে তখন বন্দর থেকে পণ্য খালাস করতে গেলে প্রতিটি চালানে প্রতিটি কাঁচামালের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে একটি এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বা অনাপত্তিপত্র নিতে হয়। সেই অনাপত্তিপত্র নিতে প্রথমে তাদের খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদফতরে আবেদন করতে হয়। আবেদনপত্রটি কৃষি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আবার অধিদফতরে আসে। এর পর খামারবাড়ী একটি তদন্ত কমিটি করে দেয়, সে কমিটি বারবার কারখানা ভিজিট করে সরেজমিন দেখে আসে।
এ বিষয়ে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘খামারবাড়ীর তদন্ত টিমের ভিজিট করার কারণ হচ্ছে— প্রতিষ্ঠানটি যে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেটি জানানোর জন্য। উৎপাদনকারীর লাইসেন্স নিতে গেলে যে যে শর্ত পূরণ করলে একজন উৎপাদনকারী লাইসেন্স পাবে সে লাইসেন্স কিন্তু আগেই তারা দিয়েছে। তারপরও বন্দরে কাঁচামাল আসার পর কেন আবার কারখানায় যেতে হবে কেন যে কারখানাটি উৎপাদনকারী কি না। কারখানাটি উৎপাদকারী কি না এটাকে সত্যায়িত করার জন্য একটি প্রত্যায়নপত্র কৃষি মন্ত্রণালয় থেকে নিতে হয়। মন্ত্রণালয় এবং অধিদফতর তো আগে থেকেই যানে কারখানাটি উৎপাদনকারী, কারণ সে লাইসেন্স তো তারা আগেই দিয়েছে।
তিনি আরও বলেন, এখন প্রশ্ন হচ্ছে— কারখানা পরিদর্শনের নামে বছরের ৩৬৫ দিনই যদি কোনো সরকারি কর্মকর্তা কারখানায় বসে থাকে— তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে বন্দরে কাঁচামাল আসার পর প্রত্যেকবার খালাসের সময় তাদের কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে এবং তারা প্রতিবার কারখানায় সরেজমিন দেখে এসে প্রতিবেদন দেবে— এটা তো চলতে পারে না। এটা নিয়ে আমরা অনেক দিন ধরে আপত্তি জানিয়ে আসছি। এ বিষয়ে আমরা বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলি এবং বারবার তদন্তের নামে হয়রানির বিষয়টি তার নজরে আনলে তিনি প্রত্যেকবার অনাপত্তিপত্র নেওয়ার বিধানটি তুলে দেওয়ার নির্দেশ দেন। অথচ সে নিদের্শনা মানা হচ্ছে না।’
জানা গেছে, কৃষি মন্ত্রণালয় থেকে যে এসআরওর (এসআরও নং ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমস) বিধানমতে আমাদের অনাপত্তিপত্র দিত, সে এসআরওতে পরিবর্তন এনে নতুন করে আরেকটি এসআরও জারি করা হয়। নতুন এসআরওতে (এসআরও নয় ১৫৬-আইন/২০২৬/ কাস্টমস) উল্লেখ করা হয়েছে— আমদানিকারক কার কাছ থেকে কত তারিখে পণ্য এনেছে সেটি দেখার দরকার নেই, শুধু তারা একটি প্রত্যায়নপত্র দেবে— সেটি দেখিয়েই বারবার পণ্য খালাস করা যাবে। অর্থাৎ প্রত্যেকবার পণ্য আমদানির জন্য প্রতিবার অনাপত্তিপত্র নিতে হবে না।
অথচ এই নির্দেশনা দেওয়ার পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সেটি মানছে না। তারা ভাবছে ছাড়পত্র নেওয়ার জন্য তাদের দফতরে ব্যবসায়ীদের বারবার আসতে হবে না, বারবার তাদের কাছে ধরনা দিতে হবে না— এটা তারা মেনে নিতে পারছে না। ফলে মহামান্য রাষ্ট্রপ্রতির পক্ষে জারি করা একটি এসআরও কৃষি মন্ত্রণালয় ও খামারবাড়ী অবজ্ঞা করছে— এটা তো সংবিধানের লঙ্ঘন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
বামা সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এ বিষয়টি নজরে আনতে কৃষি মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছি, কিন্তু মন্ত্রণালয় এখনও বিষয়টি আমলে নেয়নি। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে— বিষয়টি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সঙ্গে আলোচনা করতে। আমরা দফায় দফায় দরখাস্ত দিয়েও এখনও কোনো সুরাহা হয়নি। ফলে রাষ্ট্রপ্রতির আদেশক্রমে যে নতুন এসআরও জারি করেছে এনবিআর— তার সুবিধা শিল্প উদ্যোক্তারা নিতে পারছেন না। তারা এখনও আগের এসআরও মেনেই কার্যক্রম পরিচালনা করছে। নতুন এসআরও না মানায় আমাদের ভোগান্তি কমছে না। এটার একটা সুরাহা হওয়া খুবই জরুরি। কারণ আগের এসআরও মেনে কার্যক্রম পরিচালনা করায় অনেক সময় নষ্ট হচ্ছে, অতিরিক্ত অর্থ নষ্ট হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। আর এসব করা হচ্ছে উৎপাদনকারীদের বাধা দেবার জন্য। অথচ কিটনাশক আমদানির বিকল্প হিসেবে আমরা এখানেই উৎপাদন করছি। যেটা সরকারও চাচ্ছে— দেশীয় শিল্পের বিকাশ ঘটুক। অথচ কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা তাতে বাধা প্রদান করছে।
অথচ যারা সরাসরি কীটনাশক আমদানি করছে তাদের ক্ষেত্রে এসব কোনো নিয়ম নেই। তাদেরকে অবাধে আমদানি করার সুযোগ করে দেওয়া হয়েছে। শুধু উৎপাদনকারীদের ক্ষেত্রে এই হয়রানি করা হচ্ছে। অথচ উৎপাদনকারীদের আরও উৎসাহ দেওয়া দরকার ছিল এবং সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দরকার ছিল। সেটি না করে পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি আমরা জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের নজরে এনেছি। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে— আগের এসআরও মেনে কার্যক্রম চালানোর তো কোনো সুযোগ নেই। আমরা অর্থমন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছি বিষয়টি— তিনি কী সিদ্ধান্ত নেন, আমরা তার অপেক্ষায় আছি।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, ‘আমরা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করি। নতুন এসআরও মেনে ছাড়পত্র দেওয়ার নির্দেশনা আমরা এখনও আমরা কৃষি মন্ত্রণালয় থেকে পাইনি। এ জন্য আমরা আগের এসআরও মেনেই কার্যক্রম পরিচালনা করছি। মন্ত্রণালয় থেকে নিদের্শনা পেলেই আমরা নতুন এসআরও ফলো করবো।’
তবে এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
সময়ের আলো/প্রিন্ট/জেডি