ভাতের থালা থেকে সরছে প্রোটিন

কায়সার রহমান রোমেল, গাইবান্ধা

বিজনেস

গাইবান্ধায় নিত্যপণ্যের দামের চাপে বদলে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের খাওয়া-দাওয়া, বদলে যাচ্ছে সংসারের হিসাব। মাসের প্রথম সপ্তাহে বেতন

2026-11-12T01:37:36+00:00
2026-11-12T01:37:36+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বিজনেস
মূল্যস্ফীতির চাপে কমছে ক্রয়ক্ষমতা
ভাতের থালা থেকে সরছে প্রোটিন
কায়সার রহমান রোমেল, গাইবান্ধা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৩৭ এএম 
থালা থেকে আর কী বাদ দিলে মাসটা পার হয়— এমন হিসাব কষতে হচ্ছে অনেককে। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় নিত্যপণ্যের দামের চাপে বদলে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের খাওয়া-দাওয়া, বদলে যাচ্ছে সংসারের হিসাব। মাসের প্রথম সপ্তাহে বেতন পেয়ে ফর্দ হাতে গাইবান্ধা পৌর শহরের পুরোনো বাজারে ঢোকেন নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবী তামিম আকন্দ। আগে মাসের শেষ দিকে টান পড়ত। এখন টান পড়ে দ্বিতীয় সপ্তাহেই। ফর্দের প্রথম কাটছাঁটটা পড়ে মুরগি, ডিম আর ডালের ঘরে। বাজার থেকে ফেরার পর থালায় যা বদলায়, তার নাম মূল্যস্ফীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে অক্টোবরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৭ শতাংশ হয়েছে, সেপ্টেম্বরে ছিল ৮.৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৪০ শতাংশ। 

কাগজে-কলমে এ স্বস্তির খবর। কিন্তু একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩০ থেকে বেড়ে ৯.৮৯ শতাংশে উঠেছে। অর্থাৎ থালায় খাবারের দামে কিছুটা নরম সুর থাকলেও বাসা ভাড়া, চিকিৎসা, পড়াশোনা ও যাতায়াতের খরচ আরও চড়েছে।

আয়ের দিকে চিত্র আরও কঠিন। অক্টোবরে সাধারণ মজুরি বৃদ্ধির হার ৭.৬৩ শতাংশ, সেপ্টেম্বরে ছিল ৭.৯০ শতাংশ। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি এখন ০.৬৪ শতাংশীয় পয়েন্ট কম, আগের মাসে এই ব্যবধান ছিল ০.৪৪ শতাংশ। অন্যদিকে অক্টোবরে কনজ্যুমারস ফোরামের মাঠ জরিপে নিত্যপণ্যের দাম এক মাসেই ৪.৩৯ থেকে ৫ শতাংশ বেড়েছে বলে দেখা গেছে। সরকারি সূচক আর বাজার চিত্রের এই ফারাকই সংসারের হিসাব মেলাতে দিচ্ছে না।

গাইবান্ধার বাজারে এখন সরু চাল ৮০ থেকে ১০০ টাকা কেজি, মাঝারি ৫৬ থেকে ৬৮ টাকা, মোটা ৫৫ থেকে ৬০ টাকা। খোলা সয়াবিন তেল ১৮৬ থেকে ১৯৫ টাকা লিটার, মসুর ডাল ১৫০ থেকে ১৯০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা, ডিমের হালি ৪৮ থেকে ৫০ টাকা।

জেলা শহরের পৌর এলাকার আফরিন আকতার নামে এক গৃহিণী বলেন, ‘আগে সপ্তাহে তিন দিন ডিম বা মাছ রাখতাম। এখন এক দিন হয় কি না সন্দেহ। ছেলেমেয়ে জিগ্যেস করলে বলি, আজ ডাল দিয়েই খেয়ে নাও। ডালও তো আগের মতো ঘন করে রাঁধতে পারি না।’ সরু চালের জায়গায় এখন তার সংসারে মোটা চাল।


ভাত পুরো থালাজুড়ে থাকে, আর পুষ্টি সরে যায় কিনারায়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আজাদ আবুল কালাম বলেন, ‘নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিশুদের খাবারে প্রোটিন কমলে তার প্রভাব কয়েক মাসে দেখা যায় না, এর প্রভাব পড়ে বছরের পর বছর ধরে। শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা আর শেখার সামর্থ্য, সবই ক্ষতিগ্রস্ত হয়।’

শুধু খাবার নয়। জ্বালানি তেলের দাম বেড়ে ডিজেল এখন লিটারে ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বেড়েছে ২২৩ টাকা। গাইবান্ধায় ১৫ মেট্রিক টন সবজি আনতে পরিবহন ভাড়া বেড়েছে ৫০০ থেকে ১ হাজার টাকা। সেই বোঝা খুচরা বাজারে গিয়ে ঠেকে সাধারণ ক্রেতার ঘাড়ে।

জেলার সাত উপজেলায় রিকশাচালক আর দিনমজুরদের অবস্থা আরও কঠিন। আয় দৈনিক, সঞ্চয় প্রায় নেই। সদরের এক রিকশাচালক রিয়াজউদ্দিন বলেন, ‘সারা দিন ভাড়া মেরে যা পাই, তার প্রায় পুরোটাই বাজারে চলে যায়। আগে দিন শেষে কিছু বাঁচত, এখন উল্টো দোকানে বাকি পড়ে।’

মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের সংকট ধরা পড়ে কম। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি, আর সেই খাতেই পড়ে তাদের অপরিহার্য খরচ— সন্তানের স্কুলের খরচ, বাসা ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও মোবাইল-ইন্টারনেট। এগুলো সহজে কমানো যায় না। তারা ওএমএসের লাইনে দাঁড়াতে সংকোচ করেন, আবার বাজারে পুরো দাম দিয়ে কেনার সামর্থ্যও কমছে। তাই কাটছাঁট চলে অন্য জায়গায়। আত্মীয়ের বাড়িতে যাওয়া কমে, উৎসবের কেনাকাটা ছোট হয়, জমানো টাকা ভেঙে সংসার চলে, বাকির খাতা লম্বা হয়।

জেলা শহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক মো. রেজওয়ান বলেন, ‘বেতন বছরের পর বছর প্রায় একই। কাউকে বলতেও পারি না, কারণ সবাই ভাবে আমরা ভালো আছি। অথচ ফল কেনা বন্ধ করেছি অনেক আগে, এখন মাছের পরিমাণও কমাতে হচ্ছে।’

সরকার বাজেটে ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে কর কমিয়েছে, ওএমএস ও টিসিবির মাধ্যমে সস্তায় পণ্য দেওয়ার উদ্যোগও চলছে। বিভিন্ন উপজেলায় সমাজসেবা কার্যালয় থেকে ভাতা বিতরণ হচ্ছে। কিন্তু স্থানীয় সুশীল সমাজ ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য, চাহিদার তুলনায় বরাদ্দ কম। সাদুল্লাপুর উপজেলার দিনমজুর জগদীস বলেন, ‘সকাল থেকে ট্রাকের লাইনে দাঁড়াই, কিন্তু আমার পালা আসার আগেই মাল শেষ। খালি হাতে ফিরে আবার বাজারের চড়া দামেই কিনতে হয়।’

মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত প্রায় পুরোপুরি এই জালের বাইরে। নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী বলেন, ‘সরকারি সুরক্ষা মূলত হতদরিদ্রদের কথা ভেবে সাজানো। কিন্তু যারা দারিদ্র্যসীমার ঠিক ওপরে ছিলেন, তারা এখন নিচে নামছেন, অথচ কোনো তালিকায় তাদের নাম নেই। তাদের জন্য আলাদা ভাবনা দরকার।’

কৃষিনির্ভর এই জেলায় ডিজেল ও সারের দামে উৎপাদন খরচ বেড়েছে। মাঠপর্যায়ে মণপ্রতি ধান উৎপাদনে খরচ ৯০০ থেকে ১ হাজার টাকা, অথচ মৌসুমের শুরুতে বাজারদর ১ হাজার টাকার কাছাকাছি। সুন্দরগঞ্জে সার ডিলারদের বিরুদ্ধে বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। সুন্দরগঞ্জের কৃষক হাফিজার মিয়া বলেন, ‘ধান বেচে সার-ডিজেলের দেনা শোধ করতে গিয়ে হাতে আর কিছু থাকে না। এভাবে চললে আগামী মৌসুমে জমি অর্ধেক পড়ে থাকবে।’ ফলে মাঝারি জোতের চাষিও ধীরে ধীরে ক্ষুদ্র চাষির সারিতে নেমে যাবেন।

তার ওপর আছে নদীভাঙন। জেলার চার উপজেলায় ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার চরে বাস করেন প্রায় পাঁচ লাখ মানুষ। ফসল ও ভিটা হারানো পরিবারগুলো মহাজনের চড়া সুদের ঋণে জড়ায়, অনেকে শহরের বস্তিতে পাড়ি জমায়। ফুলছড়ির উজালডাঙা চরের নারী মিনারা বেগম বলেন, ‘নদী ভিটা নিয়েছে, এখন বাজার নিচ্ছে ভাত। ছেলে ঢাকায় রিকশা চালাতে গেছে, মাসে যা পাঠায় তাতে চাল-তেলেই শেষ।’

লেখক-গবেষক জহুরুল কাইয়ুম বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি কমেছে, এটা ভালো খবর। কিন্তু মজুরি যদি টানা মূল্যস্ফীতির পেছনে থাকে, তা হলে প্রকৃত আয় কমতেই থাকে। খাদ্যবহির্ভূত খাতে দাম বাড়া মানে মধ্যবিত্তের অপরিহার্য খরচ বাড়া। উত্তরের জেলাগুলোতে এর সঙ্গে যোগ হয় পরিবহন খরচ আর নদীভাঙনের ঝুঁকি। তাই সমাধান শুধু বাজার তদারকিতে সীমিত রাখলে চলবে না। টিসিবি ও ওএমএসের পরিধি বাড়ানো, কৃষকের জন্য সেচ ভর্তুকি, সরকারি ধান কেনায় ক্ষুদ্র চাষির অংশগ্রহণ বাড়ানো এবং ভাঙনে নিঃস্ব পরিবারের পুনর্বাসন, সবই একসঙ্গে ভাবতে হবে।’

নাগরিক সংগঠনগুলোর দাবি, সার ডিলারদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত চালাতে হবে এবং বেতন ও মজুরি কাঠামো মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।

দাম কবে কমবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। সূচকে মূল্যস্ফীতি সামান্য কমলেও গাইবান্ধার মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের সংসারগুলো নিজেদের মতো হিসাব কষছে— থালা থেকে আর কী বাদ দিলে মাসটা পার হয়।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   মূল্যস্ফীতি  চাপ  ক্রয়ক্ষমতা  ভাতের থালা  সরছে  প্রোটিন 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: