প্রতীকী ছবি ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চায়, কিন্তু ঋণের জন্য জমি বা সম্পদ বন্ধক দেওয়ার সামর্থ্য নেই— এমন উদ্যোক্তা ও নিম্নআয়ের মানুষের জন্য ঋণ পাওয়ার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো সম্পদ বন্ধক বা নিরাপত্তা জামানত দিতে হবে না। শুধু ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে এ ঋণ পাওয়া যাবে। এ স্কিমে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৭ শতাংশ।
এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগ এসংক্রান্ত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো সম্পদ বন্ধক বা জামানত নেওয়া যাবে না। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুজনের ব্যক্তিগত গ্যারান্টি নিতে পারবে ব্যাংক। স্কিমের আওতায় অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন দেবে। সার্কুলার জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছর এ সুবিধা চালু থাকবে।
এ স্কিমের মূল লক্ষ্য হলো প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং আর্থিক সেবার আওতা বাড়ানো। এ জন্য ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাবধারীদের ঋণ পাওয়ার যোগ্য করা হয়েছে। নতুন গ্রাহকদেরও এ ধরনের হিসাব খুলতে হবে।
ঋণের আওতায় থাকবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নআয়ের পেশাজীবী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং ক্ষুদ্র উদ্যোক্তারা। জেলে, কামার, কুমার, ছুতার, দর্জি, স্বর্ণকার, হকার, রিকশাচালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, প্লাম্বার, ফেরিওয়ালা, চা-পান বিক্রেতা, ক্ষুদ্র তাঁতি, মৎস্যচাষি, পশুপালক ও সবজি চাষিরাও এ ঋণ পাবেন।
এ ছাড়া মুদি দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল আর্থিক সেবার এজেন্ট, অনলাইন ও ইন্টারনেট সেবাদাতা, ফ্রিল্যান্সার, হস্তশিল্পী এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ঋণের আওতায় আনা হয়েছে।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। স্কিমের আওতায় বিতরণ করা মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তা ও ঋণগ্রহীতাদের দিতে হবে। বিশেষ করে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলা হয়েছে।
কৃষকদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড না থাকলেও কোনো কৃষক যাতে ঋণ পাওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্নআয়ের পেশাজীবীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চর, হাওড় ও উপকূলীয় এলাকার বাসিন্দা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রবাসীদের রেমিট্যান্সের সুবিধাভোগী এবং বিদেশফেরত শ্রমিকরা এ সুবিধা পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিক্ষার্থীদের জন্যও রয়েছে ঋণের ব্যবস্থা। ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা কারিগরি, বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ নিতে পারবেন। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা দিতে হবে। ১৮ বছর পূর্ণ হলে তারা ব্যবসা বা পেশাগত কর্মকাণ্ড পরিচালনার জন্যও ঋণ পাবেন। এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চ শিক্ষার ব্যয় এবং শিক্ষা উপকরণ কেনার জন্যও ঋণ দেওয়া যাবে।
একক ঋণগ্রহীতা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পেলেও দলগতভাবে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করা যাবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ আট লাখ টাকা এবং একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নিতে পারবে। ঋণ পরিশোধের ক্ষেত্রে দলের সদস্যরা ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন।
ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। গ্রেস পিরিয়ড শেষে সাধারণত ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। তবে ব্যাংক চাইলে মাসিক, ষান্মাসিক বা বার্ষিক কিস্তিতেও অর্থ আদায় করতে পারবে।
নীতিমালায় ঋণখেলাপিদের এ সুবিধার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি সরকারি বা বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো প্রকল্প কিংবা পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ অসমন্বিত থাকলেও নতুন ঋণ পাওয়া যাবে না। তিন লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।
ব্যাংকগুলো শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায় করতে পারবে। তবে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। ঋণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে এবং প্রতি তিন মাসের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে