মজুরি আলোচনার মধ্যেই কঠোর অবস্থানে মালিকরা

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। শ্রমিকদের সঙ্গে মজুরি নিয়ে

2026-11-13T01:33:30+00:00
2026-11-13T01:33:30+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের চিন্তা
মজুরি আলোচনার মধ্যেই কঠোর অবস্থানে মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:৩৩ এএম 
শ্রমিকদের আন্দোলনের মধ্যেই কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্যেই কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৈরি পোশাক শিল্পের মালিকরা। শ্রমিকদের সঙ্গে মজুরি নিয়ে আলোচনা চললেও কারখানায় বিক্ষোভ, কর্মবিরতি ও ভাঙচুর অব্যাহত থাকলে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হবে বলে মনে করছেন তারা। পরিস্থিতির পরিবর্তন না হলে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের মতো সিদ্ধান্তও আসতে পারে। এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা।

আগামী ১৪ নভেম্বর রাজধানীর উত্তরায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান শ্রম অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এ সভা আহ্বান করা হচ্ছে।

বিজিএমইএর সংশ্লিষ্ট সূত্র বলছে, শ্রমিকদের দাবি নিয়ে মজুরি বোর্ডে আলোচনা চললেও মাঠপর্যায়ে অস্থিরতা অব্যাহত থাকায় মালিকপক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে কর্মবিরতি, কারখানায় ভাঙচুর, সম্পদের ক্ষতিসাধন ও সড়ক অবরোধের ঘটনায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে না এলে আইনগত ক্ষমতা প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিতে পারেন মালিকরা।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা চলবে। তবে একই সঙ্গে কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতিও চলতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, মজুরি নিয়ে আলোচনা এবং কারখানায় বিশৃঙ্খলা একসঙ্গে চলতে পারে না। গতকালের সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহমুদ হাসান খান আরও বলেন, মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ আন্তরিকতার সঙ্গে অংশ নেবে। কিন্তু আলোচনার পাশাপাশি কারখানায় অস্থিতিশীলতা চলতে থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আলোচনার পরিবেশ বজায় রাখতে হলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানায় শৃঙ্খলা নিশ্চিত করাও জরুরি।

আইনের যে ধারায় বন্ধ হতে পারে কারখানা

মালিকপক্ষের সম্ভাব্য কঠোর অবস্থানের পেছনে রয়েছে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা। এ ধারায় কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা অথবা প্রয়োজনে সম্পূর্ণ প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।


বিজিএমইএর সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, শ্রমিকদের আন্দোলন ও কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকলে এই আইনি বিধান প্রয়োগের বিষয়টি বিবেচনা করতে পারেন মালিকরা। আগামী ১৪ নভেম্বরের সভায় পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের

এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ইতিমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করেছেন। সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে মালিকপক্ষ পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছে।

তবে মজুরি বোর্ডের আলোচনা শুরু হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটার ঘটনাও ঘটেছে।

মজুরি সমাধান নাকি কারখানা বন্ধ— চ্যালেঞ্জ মালিকদের

শ্রমিকদের মজুরি দাবি এবং শিল্প-কারখানায় শৃঙ্খলা ফেরানোর প্রশ্নে এখন দুই ধরনের চাপের মুখে পড়েছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। একদিকে নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তা রয়েছে, অন্যদিকে চলমান অস্থিরতার কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

এ অবস্থায় মালিকপক্ষ আলোচনার পাশাপাশি কারখানার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে চাইছে। তবে পরিস্থিতির উন্নতি না হলে আলোচনার পথের বাইরে গিয়ে কারখানা বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা।

আগামী ১৪ নভেম্বর বিজিএমইএর জরুরি সাধারণ সভায় শ্রমিক অসন্তোষের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হবে। সেখান থেকেই নির্ধারিত হতে পারে, মজুরি আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে, নাকি কারখানা বন্ধের মতো কঠোর পদক্ষেপের দিকে এগোবেন মালিকরা।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   মজুরি  আলোচনা  কঠোর অবস্থান  মালিক 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: