ছবি : সংগৃহীতরমজান সামনে রেখে নিম্নআয়ের মানুষকে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করছে সরকারি এ সংস্থা। এর মাধ্যমে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেল, চিনি ও ডালসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত আমদানির প্রস্তুতিও চলছে।
টিসিবি সূত্রে জানা গেছে, গত রমজানে সারা দেশে ৪৫০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়েছিল। এবার সেই সংখ্যা ৭০টি বাড়িয়ে ৫২০টিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে আগের তুলনায় আরও ছয় লাখ মানুষ টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কেনার সুযোগ পাবেন।
বর্তমানে টিসিবির স্মার্ট কার্ডধারীরা নির্ধারিত কর্মসূচির আওতায় পণ্য কেনার সুযোগ পান। তবে এবার কার্ডের আওতার বাইরে থাকা সাধারণ ভোক্তাদেরও সুবিধা দিতে খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কার্যক্রম সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছে সরকার। এর ফলে রমজানে বাজারে পণ্যের বাড়তি চাহিদার চাপ সামাল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিকল্প সরবরাহব্যবস্থা তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ গণমাধ্যমকে জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি, নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে নিয়মিত পণ্য বিতরণের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে।
এ উদ্দেশ্যে ভোজ্য তেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েকটি পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত কত পরিমাণ পণ্য আমদানি করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রয়োজন অনুযায়ী আমদানির পরিমাণ নির্ধারণ এবং ট্রাকের মাধ্যমে বিক্রি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাঁচ ধরনের পণ্য সংগ্রহে বড় পরিকল্পনা : রমজানসহ সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বড় ধরনের ক্রয় পরিকল্পনা তৈরি করেছে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে পাঁচ ধরনের পণ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, এ অর্থবছরে ২২ কোটি লিটার ভোজ্য তেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহ করতে চায় সংস্থাটি।
আমদানিতে বাড়ছে নিত্যপণ্যের সরবরাহ : দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আমদানির পরিসংখ্যানেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্য তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
বিটিটিসির পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্য তেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। পাশাপাশি সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ লাখ ৮৮ হাজার টন।
চিনির বাজারেও আমদানি বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। চলতি অর্থবছরের ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৬ লাখ ৮৭ হাজার টন চিনি আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫ লাখ ৩৪ হাজার টন।
রমজানে ইফতারের অন্যতম প্রধান উপকরণ ছোলার আমদানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে দেশে ৮২ হাজার টন ছোলা আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।
মসুর ডালের আমদানিও বেড়েছে। আলোচ্য সময়ে দেশে ১ লাখ ২২ হাজার টন মসুর ডাল আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। খেজুর আমদানিও বেড়েছে গত বছরের তুলনায়। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ১১ হাজার টন খেজুর আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার টন।
সরবরাহ বাড়লেও নজর রাখতে হবে বাজারে : টিসিবির ট্রাকের সংখ্যা বাড়ানো, উপকারভোগীর পরিধি সম্প্রসারণ এবং অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি রমজানকে সামনে রেখে সরকারের সরবরাহ ব্যবস্থাপনায় বাড়তি তৎপরতার ইঙ্গিত দিচ্ছে। তবে আমদানি বৃদ্ধি ও সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহের পরিকল্পনা থাকলেই বাজারে স্বস্তি নিশ্চিত হবে না।
পণ্য যথাসময়ে দেশে আনা, সঠিকভাবে সংরক্ষণ, প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ এবং টিসিবির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে পণ্য পৌঁছানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে রমজানে বাড়তি চাহিদার সময় পণ্যের সরবরাহ ও বাজারদর স্বাভাবিক রাখতে এসব উদ্যোগ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেটিই হবে মূল বিবেচ্য বিষয়।
সময়ের আলো/প্রিন্ট/এমকে