কানাডার বাজারে পাটপণ্যের ১৮.৫ শতাংশ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

কানাডার পাটজাত পণ্যের বাজারে ১৮ দশমিক ৫ শতাংশ অংশীদারিত্ব নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে তৈরি পাটপণ্যের বাজারে এখনও চীনের

2026-11-13T07:12:44+00:00
2026-11-13T07:12:44+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজনেস
রফতানি সক্ষমতা বাড়াতে ডিসিসিআই-টিএফও
কানাডার বাজারে পাটপণ্যের ১৮.৫ শতাংশ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১২ এএম 
ছবি : সংগৃহীত
কানাডার পাটজাত পণ্যের বাজারে ১৮ দশমিক ৫ শতাংশ অংশীদারিত্ব নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে তৈরি পাটপণ্যের বাজারে এখনও চীনের আধিপত্য। দেশটি কানাডায় চূড়ান্তভাবে তৈরি পাটপণ্যের প্রায় দুই-তৃতীয়াংশ সরবরাহ করে। এ অবস্থায় পণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজন বাড়াতে পারলে কানাডার বাজারে বাংলাদেশের রফতানি সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।

এ সম্ভাবনা কাজে লাগাতে দেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রফতানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডা। তাদের যৌথ উদ্যোগে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ বা ‘ট্রিসেগ’ প্রকল্প চালু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ।

অনুষ্ঠানে তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় রফতানি বহুমুখীকরণ অত্যাবশ্যক। বিশেষ করে নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা জরুরি। ট্রিসেগ প্রকল্প প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও সরাসরি বাজার সংযোগের মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াবে।

প্রধান অতিথি মোহাম্মদ হাসান আরিফ বলেন, ২০২৫ সালে বাংলাদেশের রফতানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। কানাডায় বাংলাদেশের রফতানি ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পাট ও পাটজাত পণ্যে ২৫ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছে। তবে এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পণ্যের বহুমুখীকরণ জরুরি।


ক্রেতা ও অর্থায়ন সংকটে উদ্যোক্তারা : সেমিনারে উপস্থাপিত প্রকল্পের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে কানাডার পাটজাত পণ্যের বাজারে ভারতের অংশীদারিত্ব ৫৮ শতাংশ, বাংলাদেশের ১৮ দশমিক ৫ শতাংশ। কানাডার বাজারে বাংলাদেশের জন্য ২০টি অগ্রাধিকারমূলক পণ্য চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ব্যাগ ও কনটেইনার ৪০ শতাংশ, গৃহসজ্জার সামগ্রী ও বস্ত্রপণ্য ৩৫ শতাংশ, বাগান ও জলবায়ুসংশ্লিষ্ট পণ্য ২০ শতাংশ এবং মৌসুমি পণ্য ৫ শতাংশ।

২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে ৫৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ৩৯টি বা ৭৪ শতাংশ নারী মালিকানাধীন অথবা পরিচালিত।

জরিপে দেখা যায়, ৬১ শতাংশ দ্বিতীয় স্তরের উদ্যোক্তার প্রধান সমস্যা আন্তর্জাতিক ক্রেতা খুঁজে পাওয়া। অভিজ্ঞ রফতানিকারকদের ৯৩ শতাংশ উচ্চ পরিবহন ও জাহাজীকরণ ব্যয়কে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন।

অর্থায়ন পরিস্থিতিও উদ্বেগজনক। দ্বিতীয় স্তরের ৬৫ শতাংশ প্রতিষ্ঠান নিজস্ব বা পারিবারিক সঞ্চয়ের ওপর নির্ভরশীল। ব্যাংক ঋণ পেয়েছে মাত্র ৯ দশমিক ০৯ শতাংশ। জামানত ও জটিল প্রক্রিয়ার কারণে ২৬টি প্রতিষ্ঠান ঋণের আবেদনই করেনি। আন্তর্জাতিক মান সনদ সংগ্রহের ব্যয় এবং পণ্যের মান নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ।

এসব সমস্যা সমাধানে তিন থেকে পাঁচটি আন্তর্জাতিক মানসম্পন্ন অভিজ্ঞ রফতানিকারক প্রতিষ্ঠানকে অ্যাঙ্কর হিসেবে নির্বাচনের সুপারিশ করা হয়েছে। তারা ছোট উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে রফতানি করবে। এতে পরিবহন, প্যাকেজিং ও সার্টিফিকেশন ব্যয় কমবে।

নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধার কথা : বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সচেতনতার অভাবে অনেক উদ্যোক্তা ঋণ সুবিধা পাচ্ছেন না। নারী উদ্যোক্তা উন্নয়ন তহবিলের আওতায় ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম পাটজাত পণ্যে আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা, কাঁচা পাটের মূল্য নির্ধারণ এবং সরবরাহব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান।

জুট ল্যান্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী নারী উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা এবং আন্তর্জাতিক সনদ ও মান পরিপালনের ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামীম বলেন, আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের রফতানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণ ও গুণগত মান নিশ্চিত করতে হবে।

লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হলেও মূল্য সংযোজনের অভাবে ৩ বিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।

১৬ দেশে পাঁচ বছর মেয়াদি প্রকল্প : টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, কানাডা সরকারের অর্থায়নে ১৬টি দেশে পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এতে বৈশ্বিকভাবে ৩ হাজার ২০০ প্রতিষ্ঠান সরাসরি সহায়তা পাবে, যার অন্তত ৬৭ শতাংশ নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর পরিচালিত। বাংলাদেশে ২০০ এসএমইকে প্রশিক্ষণ এবং ৪০টি প্রতিষ্ঠানকে সরাসরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ ছাড়া ১৬ দেশে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ ডলারের জলবায়ু সহনশীলতা তহবিল থেকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জরিপে আরও দেখা গেছে, দ্বিতীয় স্তরের ৭৮ শতাংশ প্রতিষ্ঠান কোনো ডিজিটাল সহায়তা পায় না। ৫০ শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে ব্যবসায়িক বিঘ্নের মুখে পড়েছে। পাটপণ্যের পরিবেশগত মান নিশ্চিত করতে অ্যাজো-মুক্ত রং এবং যৌথ বর্জ্যপানি শোধনাগার স্থাপনের সুপারিশ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে কানাডিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   কানাডা  বাজার  পাটপণ্য  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: