প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম
ছবি : সংগৃহীত দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমানো হয়েছে সোনার গহনার দাম। সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে তিন দফায় প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে বুধবার (১১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। একইভাবে গত ৬ নভেম্বরও একই পরিমাণ দাম কমানো হয়। অর্থাৎ টানা তিন দফা দাম বাড়ানোর পর এবার টানা তিন দফা কমানো হলো সোনার দাম।
গত ১১ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এসএকে