প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ এএম
ছবি : সংগৃহীত মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের বিশেষ দিন শুক্রবার। এদিন জোহরের নামাজের পরিবর্তে জামাতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। সাধারণত জামে মসজিদে এ নামাজের আয়োজন করা হয়। তবে কোনো এলাকায় মসজিদ না থাকলে কিংবা বিশেষ পরিস্থিতিতে খোলা জায়গা, ভবনের ছাদ বা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ হওয়া শর্ত নয়। অর্থাৎ মসজিদের বাইরে উপযুক্ত কোনো খোলা জায়গা, মাঠ কিংবা কক্ষেও জুমার জামাত অনুষ্ঠিত হতে পারে। তাই কোনো স্থানে মসজিদ না থাকলেও সেখানে জুমার জামাত আয়োজন করা যাবে। শর্ত হলো, জুমার নামাজ আদায়ের অন্যান্য বিধান ও শর্ত যথাযথভাবে পূরণ হতে হবে।
তবে উত্তম হলো, জুমার নামাজ জামে মসজিদে আদায় করা। মসজিদে মুসল্লিরা একসঙ্গে সমবেত হয়ে খুতবা শোনার পাশাপাশি জামাতে নামাজ আদায়ের সুযোগ পান। এতে সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতিও দৃঢ় হয়।
একইভাবে দুই ঈদের নামাজ আদায়ের জন্যও মসজিদ হওয়া শর্ত নয়। ঈদের নামাজ মসজিদের বাইরে খোলা জায়গা, মাঠ কিংবা উপযুক্ত কোনো কক্ষে আদায় করা যায়। তবে সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করা উত্তম।
সুতরাং কোনো অ্যাপার্টমেন্টের ছাদে, নিচতলায় কিংবা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার বা ঈদের জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে। তবে সুযোগ ও উপযুক্ত পরিবেশ থাকলে জুমার নামাজ জামে মসজিদে এবং ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করাই উত্তম।
সূত্র : রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার, খণ্ড ২, পৃষ্ঠা ১৬৯।
সময়ের আলো/এসএকে