কাবার দেয়ালের গোড়ার সাদা মার্বেলের ভিত্তি শাজারাওয়ানে সারিবদ্ধভাবে বসানো ঐতিহাসিক আটটি পাথর, যা ‘আল-মাজান’ নামে পরিচিত। ছবি : সংগৃহীতপবিত্র কাবা শরিফ তাওয়াফের সময় মানুষের ভিড়ের মধ্যেই চোখে পড়ে ৮টি ছোট পাথরের টুকরা। হলুদাভ বাদামি রঙের পাথরগুলো বসানো রয়েছে কাবার দরজার ঠিক ডান পাশে, দেয়ালের নিচের সাদা মার্বেলের ভিত্তি শাজারাওয়ানে। তাওয়াফ করতে আসা কেউ পাথরগুলোর সামনে একটু থামেন, কেউ ছবি তোলেন। আবার অনেকেই না দেখেই সামনে এগিয়ে যান।
দেখতে সাধারণ মনে হলেও পাথরগুলো বহন করছে প্রায় ৮ শতাব্দীর ইতিহাস। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে কাবা শরিফের নির্মাণসংক্রান্ত একটি ঐতিহাসিক বর্ণনা, মুহাম্মদ (সা.)-এর নামাজসংক্রান্ত একটি হাদিস এবং মসজিদুল হারামের নানা পরিবর্তনের স্মৃতি।
সৌদি আরবের হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাথরগুলোর বয়স ৮০০ বছরের বেশি। আরবিতে এগুলোকে বলা হয় ‘মারমার’। বাংলায় অ্যালাবাস্টার বা মার্বেল নামে পরিচিত। আটটি পাথরের মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং প্রস্থ ২১ সেন্টিমিটার। এগুলো ‘মেরি স্টোন’ নামেও পরিচিত।
যে জায়গায় জিবরাইল (আ.) নামাজ পড়িয়েছিলেন
পাথরগুলোর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কাবার দেয়ালঘেঁষা একটি পুরোনো খাঁজ। বর্তমানে জায়গাটি আর আগের অবস্থায় নেই। একসময় কাবার দরজার ডান পাশে তাওয়াফের মেঝের চেয়ে কিছুটা নিচু করে খাঁজটি তৈরি করা হয়েছিল।
মক্কার ইতিহাস গবেষক মানসুর আদ-দাআজানির বর্ণনা অনুযায়ী, খাঁজটি ছিল প্রায় দুই মিটার লম্বা, ১১২ সেন্টিমিটার চওড়া এবং ২৮ সেন্টিমিটার গভীর। সেখানে একসঙ্গে একজনের বেশি মানুষের দাঁড়ানোর সুযোগ ছিল না।
জায়গাটির নাম ছিল ‘আল-মাজান’। শব্দটির অর্থ খামির বা কাদা মাখার স্থান। উসমানীয় ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে উল্লেখ করেছেন, কথিত আছে, হজরত ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের সময় পাথর সাজানোর জন্য ওই স্থানে কাদা মেখেছিলেন।
তবে, ইসলামপূর্ব কোনো ঐতিহাসিক বিবরণে এই খাঁজের উল্লেখ পাওয়া যায় না। পরবর্তী সময়ে এটি পরিচিতি পায় ফেরেশতা জিবরাইল (আ.)-এর ইমামতি করার ঘটনার সঙ্গে।
হাদিসে আছে, একবার জিবরাইল (আ.) পবিত্র কাবার কাছে মুহাম্মদ (সা.)-কে দুই দিন নামাজে ইমামতি করেন। প্রথম দিন প্রতিটি নামাজ পড়ান ওয়াক্তের শুরুতে এবং দ্বিতীয় দিন ওয়াক্ত শেষ হওয়ার কাছাকাছি সময়ে। এরপর তিনি বলেন, ‘এই দুই সময়ের মাঝখানেই নামাজের ওয়াক্ত। এটাই আপনার আগের নবীদেরও সময়।’ (আবু দাউদ, হাদিস : ৩৯৩)
হাদিসে স্থানটির নাম বা সেখানে কোনো খাঁজ থাকার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ঘটনাটি ঘটেছিল বাইতুল্লাহর কাছে। তবে পরবর্তী সময়ের ঐতিহাসিকেরা আল-মাজানকেই সেই স্থান হিসেবে চিহ্নিত করেছেন।
সপ্তম হিজরি শতকের আলেম ও বিচারক ইজ্জ ইবনে আবদুস সালামের বক্তব্য হিসেবেও এ বিষয়ে একটি বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, কাবার দেয়ালঘেঁষা যে গর্তকে সাধারণ মানুষ ‘মাজান’ নামে চেনে, সেখানেই জিবরাইল (আ.) দুই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন।
ঐতিহাসিকদের আরেকটি বর্ণনায় পাওয়া যায়, একসময় মাকামে ইবরাহিমও ওই খাঁজের একটি অংশে রাখা হয়েছিল। উম্মে নাহশালের বন্যার পর হজরত উমর (রা.) সেটিকে আগের জায়গায় ফিরিয়ে দেন বলে বর্ণিত হয়েছে।
খলিফার উপহার হিসেবে পাথরগুলো
আটটি পাথরের ইতিহাসে নির্দিষ্ট একটি সাল পাওয়া যায় ৬৩১ হিজরিতে, যা ১২৩৩-৩৪ খ্রিষ্টাব্দের কাছাকাছি। সে সময় মসজিদুল হারামের তাওয়াফের স্থান বা মাতাফ সংস্কার করা হচ্ছিল। ওই সংস্কারের সময় এক আব্বাসি খলিফা পাথরগুলো মসজিদুল হারামকে উপহার দেন। পরে সেগুলো আল-মাজান নামের খাঁজে স্থাপন করা হয়।
হারামাইন গবেষক মুহিউদ্দিন আল-হাশিমির তথ্য অনুযায়ী, পাথরগুলোর একটি নীল পাথরের নিচে খোদাই করা লেখায় উপহারের সাল পাওয়া যায়।
এখানে খলিফার নাম নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। নামটি আবু জাফর আল-মানসুর হলেও তিনি আব্বাসি সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা আবু জাফর আল-মানসুর নন। তিনি ছিলেন খলিফা আল-মুস্তানসির বিল্লাহ। তার শাসনকাল ছিল ৬২৩ থেকে ৬৪০ হিজরি। আবু জাফর ছিল তার উপনাম এবং আল-মানসুর ছিল উপাধি।
১৬৪ বছর নিখোঁজ ছিল পাথরগুলো
পাথরগুলোর ইতিহাসে সবচেয়ে রহস্যময় অধ্যায় চুরির ঘটনা। ১২১৩ হিজরিতে, অর্থাৎ ১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দের দিকে পাথরগুলো চুরি হয়ে যায়। ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে এ ঘটনার উল্লেখ করেছেন।
তবে কে বা কারা পাথরগুলো চুরি করেছিল, কিংবা কীভাবে সেগুলো মসজিদুল হারাম থেকে বের করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় না।
দীর্ঘ ১৬৪ বছর পাথরগুলোর কোনো খোঁজ ছিল না। পরে এক ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে সেগুলো পাওয়া যায়। এরপর দীর্ঘ আইনি ও ঐতিহাসিক প্রক্রিয়া শেষে ১৩৭৭ হিজরিতে পাথরগুলো আবারও কাবা শরিফের আগের স্থানে ফিরিয়ে আনা হয়।
খাঁজ ভরাট, নতুন জায়গায় পাথর
১৩৭৭ হিজরি বা ১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দের দিকে সৌদি আমলে মসজিদুল হারামের প্রথম সম্প্রসারণের কাজ শুরু হয়। তখন আল-মাজান খাঁজটি তাওয়াফকারীদের চলাচলে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই সেখানে নামাজ পড়ার জন্য ভিড় করতেন। জায়গাটি ছোট হওয়ায় মানুষের চলাচল ব্যাহত হতো। বিশেষ করে হজের মৌসুমে তাওয়াফের সময় কেউ কেউ খাঁজে পড়ে যাওয়ার ঘটনাও ঘটত।
এ অবস্থায় খাঁজটি ভরাট করে দেওয়া হয় এবং পাথরগুলো তুলে বসানো হয় কাবার দেয়ালের নিচের সাদা মার্বেলের ভিত্তি শাজারাওয়ানে। ভরাট করা পুরোনো জায়গাটির বিপরীত দিকে স্মারক হিসেবে পাথরগুলো স্থাপন করা হয়।
এরপরও বিভিন্ন সংস্কারকাজে পাথরগুলো সংরক্ষণ করা হয়েছে। ১৪১৭ হিজরি বা ১৯৯৬-৯৭ খ্রিষ্টাব্দে কাবা শরিফ সংস্কারের সময় শাজারাওয়ানের পুরোনো মার্বেল বদলে নতুন মার্বেল বসানো হয়। সে সময়ও প্রাচীন পাথরগুলো যথাস্থানে ফিরিয়ে রাখা হয়।
৮ পাথরে আট শতাব্দীর স্মৃতি
কাবা শরিফের দেয়ালের নিচে সারিবদ্ধভাবে বসানো ৮টি পাথর নিছক কিছু প্রাচীন মার্বেলের টুকরা নয়। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে পবিত্র কাবার ইতিহাস, মসজিদুল হারামের সংস্কার, একটি হারিয়ে যাওয়া স্থানের স্মৃতি এবং নামাজের সময় নির্ধারণসংক্রান্ত হাদিসের বর্ণনা।
তাওয়াফের ব্যস্ততায় অনেকের চোখ এড়িয়ে গেলেও পাথরগুলো যেন নীরবে মনে করিয়ে দেয় ইসলামের দীর্ঘ ঐতিহ্যের কথা। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা পরিবর্তনের মধ্যেও টিকে থাকা এই নিদর্শন পবিত্র কাবার ইতিহাসের এক অনন্য স্মারক।
এক নজরে ৮ পাথরের ইতিহাস
৬৩১ হিজরি (১২৩৩-৩৪ খ্রিষ্টাব্দ) : মাতাফ সংস্কারের সময় আব্বাসি খলিফার উপহার হিসেবে পাথরগুলো পাওয়া যায় এবং আল-মাজান খাঁজে স্থাপন করা হয়।
১২১৩ হিজরি (১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দ) : পাথরগুলো চুরি হয়ে যায়।
১৬৪ বছর পর : এক ব্যক্তির রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে পাথরগুলো উদ্ধার হয়।
১৩৭৭ হিজরি (১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দ) : আল-মাজান খাঁজ ভরাট করে পাথরগুলো শাজারাওয়ানে স্থানান্তর করা হয়।
১৪১৭ হিজরি (১৯৯৬-৯৭ খ্রিষ্টাব্দ): কাবা শরিফের সংস্কারের সময় পাথরগুলো আবারও যথাস্থানে সংরক্ষণ করা হয়।
সময়ের আলো/এসএকে